Published : 06 Aug 2026, 06:22 PM
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা মুক্তির পরেই খবর ছড়িয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীর সিং। এর কিছুদিন পর তারা ঘোষণা করেন, সংসারে আসতে চলছে দ্বিতীয় সন্তান। কদিন আগে এক নারী ভক্তকে সেই কথাই আরও এক বার মনে করিয়ে দিয়েছেন রাণবীর।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ঘটনাটি শুটিং সেটের। একটি কফি ব্র্যান্ডের শুটিং চলছিল তখন। ডেনিম প্যান্টের সঙ্গে লাল রঙের টি-শার্ট ও কালো রোদচশমা পরা অবস্থায় দেখা যায় রাণবীরকে। সে সময় রাণবীরকে উদ্দেশ্য করে একরাশ স্তুতিবাক্য শোনাচ্ছিলেন দীক্ষা নারং নামের নারী। পেশায় তিনি অভিনেত্রী ও মডেল।
তখন দীক্ষাকে মজার ছলে অভিনেতা বলেন, “তুমি এমন ফ্লার্ট করছ যে আমার কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমি কিন্তু দুটো বাচ্চার বাবা হতে চলেছি।” রাণবীরের এই উত্তরে হাসির রোল ওঠে সেটে।
এই ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে সোশাল মিডিয়ায়।
অনেকেই প্রশংসা করেছেন রাণবীরের এই স্বতঃস্ফূর্ত উত্তরে।
ওই শুটিংয়ের সময় ব্যক্তিজীবনের কিছু কথা বলেন রাণবীর। কথায় কথায় তিনি বলেন, জনপ্রিয় কফি চেইন স্টারবাকসে এক সময় কাজ করেছেন তিনি।
হাতে কফির মগ নিয়ে রাণবীর বলেন, “জীবনের সেরা দিনগুলো শুরু হয় এক কাপ দারুণ কফি দিয়ে। এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি স্টারবাকসে কাজ করতাম।”
এদিকে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে দীপিকার কোলে। অভিনেত্রী ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটিতে চলে গেছেন। সন্তান জন্মের আগ দিয়ে স্ত্রী ও প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের কাছ থেকে কোনোভাবেই দূরে থাকতে চাইছেন না রাণবীর।
তাই সে সময় ‘প্রলয়’ সিনেমার কাজ থাকলেও, সেসব সরিয়ে রেখে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাণবীরের সেই ছুটি শুরু হতে অবশ্য হাতে সময় আছে। চলতি মাসে শুটিং শুরু করবে ‘প্রলয়’ টিম। এরপর দৃশ্যধারণের কাজ চলবে নভেম্বরে দীপাবলী পর্যন্ত। সিনেমার বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। সেখানকার কাজ সেরে ছুটিতে যাবেন রাণবীর।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
বিয়ের ছয় বছরের মাথায় ২০২৪ সালে এই দম্পতির কোলে আসে প্রথম সন্তান।
রাণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আগামী কাজ ‘প্রলয়’।
অন্য দিকে দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়
পুরনো খবর
দ্বিতীয় সন্তান জন্মের আগে যা করবেন রাণবীর
'বাবা হয়ে গেলাম রে', রাণবীরের বিকট চিৎকার