Published : 18 Jul 2026, 11:58 AM
দ্বিতীয় সন্তানের মা হতে চলা বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটিতে চলে গেছেন। তবে সন্তান জন্মের আগ দিয়ে স্ত্রী দীপিকা ও প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের কাছ থেকে কোনোভাবেই দূরে থাকতে চাইছেন না রাণবীর সিং।
তাই সে সময় ‘প্রলয়’ সিনেমার কাজ থাকলেও, সেসব সরিয়ে রেখে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় হিন্দি সিনেমার এই অভিনেতা।
তবে রাণবীরের সেই ছুটি শুরু হতে দেরি আছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অগাস্টে শুটিং শুরু করবে ‘প্রলয়’ টিম। এরপর দৃশ্যধারণের কাজ চলবে নভেম্বরে দীপাবলী পর্যন্ত। সিনেমার বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। সেখানকার কাজ সেরে ছুটিতে যাবেন রাণবীর।
দীপিকার কোলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে।
এর মধ্যে মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তরাঁয় নৈশভোজ সেরে বের হতেই আলোকচিত্রীদের ক্যামেরার ফ্রেমবন্দি হয়েছেন দীপিকা ও রাণবীর।
সবার নজর এড়াতে দুজনেই মুখে মাস্ক পরলেও, আলোকচিত্রীদের লেন্স থেকে রেহাই মেলেনি এই দম্পতির।
মাতৃত্বকালীন বিরতির পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে আবার বড়পর্দায় ফিরছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে আবার জুটি বেঁধে পর্দায় আসছেন এই অভিনেত্রী।