Published : 21 Apr 2026, 11:21 AM
‘ধুরন্ধর ২’ দিয়ে দারুণ আলোচনায় বলিউডি অভিনেতা রাণবীর সিং। কেবল ভারতে নয়, বিশ্বের নানা দেশে অন্য সিনেমাকে টেক্কা দিয়েছে পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, নির্মাতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান এবং দর্শকদের মুখে মুখে রাণবীরের প্রশংসা ফিরছে।
এর মধ্যে পরিচালক অনুরাগ কশ্যপ রাণবীরের নিষ্ঠার কথা সামনে এনেছেন। তিনি বলেছেন, ক্যারিয়ারের শুরু থেকেই যে কোনো চরিত্রের প্রতি রাণবীর মনোযোগী ছিলেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘লুটেরা’ সিনেমার একটি ঘটনার কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে অনুরাগ বলেন, রাণবীরের এখনকার অভিনয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু ‘লুটেরা’ সিনেমার দৃশ্য বাস্তবসম্মত করতে আরও বড় ঝুঁকি নিয়েছিলেন তিনি।
“’লুটেরা’ সিনেমায় ক্লাইম্যাক্সে রাণবীরের চরিত্র গুলিবিদ্ধ হয়, সেই দৃশ্যটা বাস্তব করে তুলতে তিনি চুপিসারে নিজের পেটে ক্লিপ লাগিয়েছিলেন, যাতে ব্যথাটা অনুভব করতে পারেন। এতে পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে রাণবীরকে হাসপাতালে নিতে হয়েছিল। এত কষ্টের পরও তিনি কাউকে কিছু বলেননি, অভিনয় চালিয়ে গেছেন।”
‘লুটেরা’ সিনেমার পটভূমি ছিল ১৯৫০ দশকের। রাণবীর ভরুণ শ্রীবাস্তব চরিত্রে অভিনয় করেন। চিত্রনাট্যে যিনি তরুণ লেখিকা পাখি রায় চৌধুরীর (সোনাক্ষী সিনহা) সঙ্গে প্রেমে জড়ান। তবে পরে পাখি জানতে পারেন, ভরুণ আসলে একজন প্রতারক।
সিনেমাটি রাণবীর ও সোনাক্ষীর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হয়।
‘ধুরন্ধর’ মুক্তি পায় ২০২৫ সালের ডিসেম্বরে; এরপর বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। আর এর সিকুয়েল ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে।
১৯ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালমে প্রদর্শিত হচ্ছে।