Published : 30 Oct 2025, 09:55 PM
লাদাখে প্রথম ধাপের শুটিং শেষ করে মুম্বাইয়ে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার দ্বিতীয় অংশের কাজ শুরু করেছেন বলিউডি অভিনেতা সালমান খান। এর মধ্যে একদিন সেটে যাওয়ার জন্য পথে বেরিয়ে শহরের ভয়াবহ ট্রাফিকে ফেঁসে যান সালমান। বাধ্য হয়ে বুলেট প্রুফ গাড়ি ছেড়ে নিরাপত্তা ঝুঁকি পাত্তা না দিয়েই বাইকে চড়ে বসেন ভাইজান।
নিউজ এইট্টিন লিখেছে, সালমান নিজের পরিচয় আড়াল করে মাস্কে মুখ ঢেকে স্থানীয় এক তরুণের বাইকে চড়েন। তবে নিরাপত্তা যে একেবারেই ছিল না তা নয়। তার নিরাপত্তা কর্মী এবং সহযোগীরা আলাদা বাইকে করে সালমানের পাশাপাশি ছিলেন।
মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সালমানকে পৌঁছে দেওয়ার পরে বাইক চালক জানতে পারেন, তার আরোহীর পরিচয়। হেলমেট ও মাস্ক খোলার পর সালমানকে দেখে বিস্ময় এবং আনন্দে ওই তরুণ হতবাক হয়ে যান। পরে সালমানের সঙ্গে ছবিও তোলেন তিনি। যে ছবিটি এখন ঘুরছে সোশাল মিডিয়ায়।
কেউ লিখেছেন, ‘ভাইজান শিগগিরই আসছেন’। তবে বেশিরভাগই সালমানের সময়ানুবর্তীতার প্রশংসা করেছেন।
এর আগে একবার অমিতাভ বচ্চনও মুম্বাইয়ের যানজটে আটকে পড়ে বাইকে চড়ে শুটিং সেটে পৌঁছে হইচই ফেলে দেন।
অপুর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার লাদাখের দুর্গম এলাকায় তীব্র ঠাণ্ডায় টানা ৪৫ দিন শুটিং শেষ করেছেন সালমান ও তার সহশিল্পীরা।
‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান। সিনেমার শুটিং শেষ হওয়ার কথা এ বছরের শেষ নাগাদ। ধরে নেওয়া হচ্ছে ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাবে আগামী বছর।
সিনেমাটি তৈরি হচ্ছে ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে।
চলতি বছরের জুলাই মাসে সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান। যে ছবিতে সালমানের গায়ে ছিল সৈনিকের পোশাক।
এখানে সালমানের নায়িকা চিত্রাঙ্গদা সিং।
কোরবানি ঈদে মুক্তি পায় সালমানের সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’, যা ভালো ব্যবসা করতে পারেনি। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া লাগাতার মৃত্যু হুমকি, হত্যাচেষ্টা এবং নিরাপত্তার ঘেরাটোপে সিকান্দারের শুটিং সেরেছিলেন সালমান।
নিরাপত্তাজনিত সমস্যার কারণে সে সময়ে নিয়ে সালমান বেশি প্রচারও করতে পারেননি। কারো কারো ভাষ্য, বলিউডের তারকারা প্রচার কাজে সালমানের পাশে এসে দাঁড়ালে ভালো ফল আসত।
সিনেমা বিশ্লেষকরা আশা করছেন, ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটের এই সিনেমা দিয়ে পর্দায় ফেরার মত ফিরতে পারেন সালমান।
এনএসএম/এসএসএস
আরও পড়ুন:
মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় যে সিনেমার শুটিং সারলেন সালমান