Published : 19 Jan 2026, 10:39 AM
বলিউডের আলোচিত সিনেমা ‘ডন ৩’ ফের আলোচনায় এসেছে। কারণ শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিতে নিজের চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান।
তবে এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডন হতে তিনি শর্ত বেঁধে দিয়েছেন। এ খবর সামনে এনেছে নিউজ এইট্টিনসহ ভারতের আরও কয়েকটি সংবাদমাধ্যম।
কি সেই শর্ত? শাহরুখ বলেছেন তার সুপারহিট সিনেমা ‘জওয়ান’ এর পরিচালক অ্যাটলি কুমারকে সিনেমার সঙ্গে যুক্ত করতে হবে।
সিনেমার পরিসর ও দর্শকের আগ্রহ আরও বাড়াতে দক্ষিণি এই নির্মাতাকে ‘ডন ৩’ এর সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
অবশ্য শাহরুখের এই শর্তে ‘ডন’ সিরিজের পরিচালক ফারহান আখতারের তরফ থেকে এখনো প্রতিক্রিয়া আসেনি।
এই সিনেমায় অভিনয়ের কথা ছিল রাণবীর সিং। তবে তিনি সরে দাঁড়াতে শাহরুখের কথা সামনে আসছে।
রাণবীর এর মধ্যে সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মত পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া তার ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই গ্যাংস্টার ঘরানায় জায়গা করে নেওয়ায়, তিনি এই মুহূর্তে আর গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাইছেন না।

‘ডন ৩’ নিয়ে ফারহান আখতারের বিপাকের শেষ নেই। নায়ক বা নায়িকা-কোনো চরিত্রেই অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করে উঠতে পারছেন না ফারহান।
সিনেমায় অ্যাকশন দৃশ্য করার জন্য একজন ‘এলেমদার’ নায়িকা প্রয়োজন নির্মাতার। আর সেই মাপকাঠি বিবেচনায় প্রাথমিকভাবে কয়েকজনের কথা ভাবা হলেও চূড়ান্ত হননি কেউ।
শুরুতে ‘ডন ৩’র স্ক্রিপ্ট পড়ার পর গল্প ‘দারুণ পছন্দ করেন’ নায়িকা কিয়ারা আদভানি। দর্শকরাও ভাবলেন, শাহরুখ- প্রিয়াঙ্কার চরিত্রে বুঝি পাওয়া যাবে রাণবীর-কিয়ারাকে।
এরপর খবর আসে কিয়ারা রাজি নন। তখন শোনা যায় ‘আদিপুরুষ’র জানকি কৃতি শ্যানন আগ্রহী জনপ্রিয় এই সিনেমাটি নিয়ে।
তৃতীয় দফায় খবর আসে কৃতিও বাদ। তার পর ফারহান নিজেই জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের নাম।

ফারহান বলছিলেন, এই সিনেমায় এমন এক নায়িকা প্রয়োজন, যার অ্যাকশন দৃশ্যের প্রতি ঝোঁক রয়েছে এবং নানা ধরনের মারকাটারি, ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা আছে।
‘ডন ৩’ সফল করতে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি না হওয়া ফারহান মনে করছেন, এই চরিত্রের জন্য দীপিকা অন্যদের তুলনায় মানানসই।
তবে দীপিকাই চূড়ান্ত কি না সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যে দীপিকা মা হয়েছেন, তার প্রযোজনা সংস্থা নিয়েও ব্যস্ততায় জড়িয়েছেন। এছাড়া কর্মঘণ্টা ও চড়া পারিশ্রমিক দাবি করার জেরে দুইটি সিনেমা হাতছাড়া হয়েছে দীপিকার। তা নিয়ে কেবল নিজেই আলোচিত-সমালোচিত হননি, দীপিকার দাবির প্রেক্ষিতে বলিউডও কয়েক পক্ষে ভাগ হয়েছে।
১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম খান-জাভেদ আখতার জুটির হাত ধরে 'ডন' চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন 'ডন' তৈরি হয়। সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিক্যুয়েল মুক্তি পায় ২০১১ সালে। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের।
দুই বছর আগে ‘ডন ৩’ তৈরির ঘোষণা আসার পর শাহরুখ ভক্তরা নড়েচড়ে উঠলেও তখন চিত্রনাট্য পছন্দ না হওয়ায় বলিউড বাদশাহ সরে দাঁড়ান সিনেমা থেকে। সে সময় সিনেমায় শাহরুখ না থাকলে ‘বলিউড জ্বালিয়ে’ দেওয়ার হুমকি এসেছিল ভক্তদের কাছ থেকে। এর পর শোনা যায় ক্যামিও চরিত্রে আসবেন শাহরুখ। তবে সেটিও হয়নি শেষমেশ।
এবার ‘ডন ৩’ সিনেমায় শাহরুখের প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ায় ‘বলিউড অক্ষত রাখার’ রাস্তা তৈরি হতে চলেছে।
'ডন ৩' কিয়ারা-কৃতির পর এবার দীপিকার নাম
'শাহরুখ না থাকলে বলিউড জ্বালিয়ে দেব'
ডন হবেন রণবীর, শুনে যে প্রতিক্রিয়া দীপিকার
ডন ৩: রণবীরকে টেক্কা দেবেন কিয়ারা?