১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সোনুর নাম ‘ভাঙিয়ে’ টাকা তুলছেন এক নারী

এরিকা মাইকেল নামের এক নারী ভক্ত সোশ্যাল মিডিয়ায় সনুর নামে ‘প্রতারণা’ করছেন বলে অভিযোগ উঠেছে।

সোনুর নাম ‘ভাঙিয়ে’ টাকা তুলছেন এক নারী

সনু নিগম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 12:47 PM

Updated : 30 Jul 2023, 12:47 PM

নিজেকে ভারতীয় গায়ক সনু নিগমের টিমের একজন সদস্য দাবি করে এক বিদেশি নারী সোশ্যাল মিডিয়ায় এই শিল্পীর ভক্তদের কাছ থেকে টাকা তুলছেন– এমন খবর দিয়ে অনুরাগীদের ‘সতর্ক’ হওয়ার পরামর্শ দিয়েছেন সোনু।

এনডিটিভি বলছে, ওই নারীর ‘প্রতারণামূলক’ কাজের প্রমাণ হিসেবে সনু কয়েকটি স্ত্রিনশট শেয়ার করেছেন ফেইসবুকে।

ব্যাঙ্গ করে সনু লিখেছেন, “আমার প্রিয় পরিবার এবং বন্ধুরা। কেউ একজন ‘সৎ’ উপায়ে অর্থ উপার্জন করার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন। একবার দেখুন এবং সাবধান হোন।”

শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা গেছে, এরিকা মাইকেল নামের এক নারী ভক্তদের মেসেজ পাঠিয়ে নিজেকে সোনুর টিমের সদস্য বলে দাবি করেছেন। সোনুর নির্দেশেই কিছু ভক্তকে চিহ্নিত করে তাদের সঙ্গে আলাদাভাবে তিনি কথা বলছেন বলেও জানিয়েছেন। সেইসব ভক্তদের অনেকেই তাতে সাড়া দিলে, তাদের কাছে সমাজসেবামূলক কাজের জন্য টাকা চাওয়া হয়েছে।

সনু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি।

তবে তার আইন উপদেষ্টা ও বন্ধু আশীষ যোশি জানিয়েছেন, কয়েক মাস আগেও ভক্তদের কাছ থেকে এই গায়কের নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা তোলেন এক ব্যক্তি। অনুরাগীদের তিনি গায়কের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার এবং বিনামূল্যে কনসার্টের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ঘটনাটি জানাজানি হলে ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছিল পুলিশ। 

আশীষ যোশি বলেন, “আমরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব। যাতে কোনো ভক্ত প্রতারণার শিকার না হন।”

জন্মদিনে সনু

সোমবার এই শিল্পীর ৫০তম জন্মবার্ষিকী। ১৯৭৩ সালের ৩০ জুলাই ভারতের হরিয়ানার ফরিদাবাদে জন্ম নেন সনু নিগম। সনু নিগমের ছোটবেলা কেটেছে পড়াশোনা, রেওয়াজ, স্টেজ শো আর হারমোনিয়ামের সঙ্গে।

ওস্তাদ গোলাম মোস্তফা খানের কাছে ধ্রুপদী সংগীতের তালিম নেওয়া সনু নিগম সংগীতশিল্পী হিসেবে বলিউডে কাজ পেতে ১৮ বছর বয়সে মুম্বাই চলে আসেন।

সনু যখন মুম্বাই পা রাখেন তখন রাজত্ব করছেন তার প্রায় দ্বিগুণ বয়সী কুমার শানু, উদিত নারায়ণ আর অভিজিৎ।

আজা মেরি জান সিনেমার ‘ও আসমান ওয়ালে’ গানের মধ্যে দিয়ে ১৯৯২ সালে বলিউডে অভিষেক হয় সনু নিগমের।

১৯৯৭ সালে বর্ডার সিনেমার গানে আবারও সফলতা ধরা দেয় সনু নিগমের ঝুলিতে।

সনু নিগমের কণ্ঠ ভারতের কিংবদন্তি মোহাম্মদ রফির সঙ্গে মিলে যায় বলে মনে হত অনেকের। মোহাম্মদ রফির নকল বলা হত তাকে।

গানের পাশাপাশি ‘জুশমন: এক আনোখি কাহানি’, ‘লাভ ইন নেপাল’সহ কয়েকটি সিনেমাও তিনি অভিনয় করেছেন।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইনডিয়ান আইডলে’ একাধিক সিজনে বিচারকের চেয়ারেও দেখা গেছে তাকে।

আরও পড়ুন:

পুরানো খবর:

রফি-কণ্ঠ সনু নিগমের ‘সেরা’ হয়ে ওঠা
আজান বিতর্কে মাথা কামালেন সনু
আজানের শব্দকে ‘গুন্ডাগিরি’ বললেন সনু, ক্ষুব্ধ ভক্তরা
টুইটারকে বিদায় জানালেন সনু নিগম