১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রজত জয়ন্তীতে ‘নায়ক’: স্বত্ব কিনে সিক্যুয়েল নির্মাণের ইঙ্গিত অনিলের

সিক্যুয়েল নির্মাণের পুরো বিষয়টিই 'প্রাথমিক পর্যায়ে' রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক দীপক মুকুট।

রজত জয়ন্তীতে ‘নায়ক’: স্বত্ব কিনে সিক্যুয়েল নির্মাণের ইঙ্গিত অনিলের
‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’ সিনেমার দৃশ্যে অনিল কাপুর। ছবি: আইএমডিবি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

পঁচিশ বছর আগে ‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’ সিনেমায় শিবাজী রাও চরিত্রে দর্শককে মুগ্ধ করেছিলেন বলিউডি অভিনেতা অনিল কাপুর।

সাংবাদিক থেকে এক দিনের মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার গল্পের ‘নায়ক’ সে সময় ব্যাপক আলোড়ন তোলে

এবার সেই সিনেমার স্বত্ব কিনে সিক্যুয়েল তৈরির আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেতা।  

বলিউড হাঙ্গামা লিখেছে, প্রযোজক দীপক মুকুটের কাছ থেকে সিনেমার স্বত্ব কিনেছেন অনিল কাপুর। তিনি এটি নিজের কাছে রাখতে চান, কারণ সিনেমাটি তার জন্য খুব বিশেষ কিছু। পাশাপাশি রজত জয়ন্তী ঘিরে ‘নায়ক’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের আগ্রহও রয়েছে এই অভিনেতার।    

সিক্যুয়েল নির্মাণের পুরো বিষয়টিই 'প্রাথমিক পর্যায়ে' রয়েছে বলে জানিয়েছেন দীপক মুকুট।

“এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। তবে এটা ঠিক যে, এই সিনেমাটিতে সহ-প্রযোজক হিসাবে থাকবেন অনিল।”   

এর আগে ২০২৪ সালের মার্চে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক মুকুট জানিয়েছিলেন, ‘নায়ক’ সিনেমার প্রযোজক এ এস রত্নমের কাছ থেকে তিনি সিনেমাটির স্বত্ব কিনেছিলেন। পাশাপাশি তার কাছে ‘তেজস্বিনী’(১৯৯৪), ‘দিল হি দিল মে’ (১৯৯৯) সহ আরও কয়েকটি সিনেমার ‘নেগেটিভ রাইটসও’ রয়েছে। প্রায় এক দশক আগে তিনি এসব স্বত্ব সংগ্রহ করেন।

শঙ্কর রচিত ও পরিচালিত ‘নায়ক’ সিনেমায় অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেন রানি মুখার্জি, প্রয়াত অমরীশ পুরী, পরেশ রাওয়াল, সৌরভ শুক্লা, জনি লিভার, শিবাজি সাটাম ও নীনা কুলকারনি।

বিশেষ উপস্থিতিতে ছিলেন পূজা বাত্রা এবং একটি গানে দেখা যায় সুষ্মিতা সেনকে।

এখন অনিল কাপুরের হাতে রয়েছে বেশ কিছু কাজ। শিগগিরই যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী চলচ্চিত্র 'আলফা'-তে দেখা যাবে তাকে। 

এছাড়াও রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত শাহরুখ খানের 'কিং' সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।