৫০তম মঞ্চায়নে আসছে ‘কালরাত্রি’
২৫শে মার্চ কালরাত্রিতে জগন্নাথ হল ও তার আশেপাশের এলাকায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল, তারই ভয়াল চিত্র উঠে এসেছে কালরাত্রি নাটকে।
১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনাকে কেন্দ্র করে পদাতিক নাট্য সংসদের ৩৮তম প্রযোজনা ‘কালরাত্রি’। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নাটকটির ৫০তম মঞ্চায়ন হবে। ২০১৫ সালের ৬ নভেম্বর নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল।
লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইবার’ গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন তানভীর আহমেদ সিডনী। মঞ্চে নাটকটি নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম।
নির্দেশক ওয়াহিদুল গ্লিটজকে বলেন, “স্বাধীনতার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। ২৫শে মার্চ কালরাত্রিতে জগন্নাথ হল ও তার আশেপাশের এলাকায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল, তারই ভয়াল চিত্র উঠে এসেছে কালরাত্রি নাটকে।
“যেখানে একজন শিক্ষক তার ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন লড়াইতে নামতে। সেই রাতে বেঁচে থাকা একজন মুক্তিযোদ্ধা ছাত্র এবং তাদের পথপ্রদর্শক সেই শিক্ষকের চোখে যে বাংলাদেশ বেঁচেছিল তারই মঞ্চসৃজন কালরাত্রি নাটক।”
এই নাটকে অভিনয় করছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইকরামুল ইসলাম, জিনিয়া আজাদ, ইমরান খান, কাজী সোহেল, পাপিয়া, সালমান শুভ, চমক তারা, ফরহাদ সুমন, লিমন, পলাশ, ওয়াহিদ জিতু, শরীফুল ইসলাম, জবা, সুমন, পলাশ, কান্তা, জীবন, রাবেয়া, মশিউর রহমান ও শামছি আরা সায়েকা।
