Published : 24 Feb 2026, 12:55 PM
ড্যানিয়েল ক্রেইগ জামানা শেষ হয়েছে পাঁচ বছর হতে চলল, ইয়ন ফিল্মসের হাত থেকে ‘জেমস বন্ড’ প্রযোজনার দায়িত্ব অ্যামাজন এমজিএম স্টুডিওর হাতে পৌঁছুলো, এমনকি নতুন নির্মাতাও ঠিক হল, কেবল নির্ধারণ হল না কে হচ্ছেন ব্রিটিশ সিক্রেট সার্ভিসের পরবর্তী এজেন্ট।
গালফ নিউজ, আন্তর্জাতিক গণমাধ্যম ও গসিপ ওয়েবসাইট ‘ডিউক্সমই’সহ আরও কয়েকটি সংবাদমাধ্যম বলছে নতুন বন্ডের খোঁজ চলমান আছে। আর সেই অনুসন্ধান অভিযানে জ্যাকব এলোরদির নাম এসেছে।
খবর এসেছে এমজিএম স্টুডিও বন্ডের ২৬তম সিনেমার জন্য এলোরদিকে প্রস্তাব পাঠিয়েছে। ২৮ বছর বয়সী এলোরদি রাজি হলে, তিনিই হবেন বন্ড চরিত্রে অভিনয় করা সবচেয়ে কমবয়সী অভিনেতা।
গেল দুই বছরের মধ্যে বন্ড চরিত্রের জন্য হলিউডের বড় তারকা ইদ্রিস এলবার নাম শোনা গেছে জোরেশোরে। তবে, তিনি নিজে নাকচ করে দেন সেই সম্ভাবনা।
ক্যালাম টার্নার, টম হল্যান্ড, স্কট রোজ-মার্শদের মত ব্রিটিশ অভিনেতাদের নাম উঠে এসেছে আলোচনায়। এই তালিকায় এবার যুক্ত হলেন এলোরদি।
টিন ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’তে অভিনয় করে সবার নজরে আসেন এলোরদি। সিরিজে তার ‘পরিণত অভিনয়’ দর্শকদের মন জয় করে নেয়। সাম্প্রতিক সময়ে ‘প্রিসিলা’ সিনেমায় এলভিস প্রিসলির চরিত্রে ও ব্ল্যাক কমেডি সিনেমা ‘সল্টবার্ন’এ তার অভিনয় সমাদৃত হয়েছে সমালোচক ও দর্শকদের কাছে।
বন্ড চরিত্রে এর আগে দেখা গেছে ব্রিটিশ ও পরিণত বয়সের অভিনেতাদের। এলোরদি সেদিক থেকে ভিন্ন, কারণ জাতীয়তায় তিনি অস্ট্রেলিয়ান। সমালোচকদের ধারণা, তরুণ এই অভিনেতা জেন-জিদের বন্ড চরিত্রের প্রতি আকৃষ্ট করতে পারবেন।
বন্ডের নতুন সিনেমাটি পরিচালনা করবেন প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভ। ভিলেনিউভ নতুন জেমস বন্ডের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে নিয়েছেন।
১৯৬২ সালে শন কনারি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম সিনেমা ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। আর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করে ২০২১ সালে ব্রিটিশ স্পই চরিত্রটিকে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।

ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।
এছাড়া নির্মাতারা চাইছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।
জেমস বন্ডকে নিয়ে লেখা বইয়ের লেখক ফেলা ও’কনেল জেমসের মতে, বন্ড হতে হবে এমন একজনকে যাকে এক নজরে গ্রহণ করে নেবে দর্শকেরা, চিনে ফেলবে বলা যায়। আকর্ষণীয় ও বুদ্ধিমত্তার ব্যক্তিত্বসম্পন্ন সেই পুরুষটিকে দীর্ঘ সময় ধরে সেলুলয়েডের পর্দা শাসন করতে হবে।
এবং সেই অভিনেতাকে অবশ্যই এমন একজন হতে হবে, যিনি উপস্থাপন করবেন ব্রিটিশ সংস্কৃতিকে।
নতুন 'জেমস বন্ড' বানাবেন অস্কার মনোনীত এক নির্মাতা
অ্যামাজনের হাতে কী হবে জেমস বন্ডের?
এক দশক চালিয়ে যাবেন, খোঁজা হচ্ছে এমন বন্ড
'বন্ড' চরিত্রে ৭২ বছরের বৃদ্ধকে মানাবে? ব্রসনানের প্রশ্ন