Published : 01 May 2026, 10:42 AM
থ্র্যাশ মেটাল ব্যান্ড ‘স্লেয়ার’ এর আইকনিক অ্যালবাম ‘রেইন ইন ব্লাড’ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অক্টোবরে।
এই উপলক্ষ্যে ব্যান্ডটি অ্যালবামের সবগুলো গান নিয়ে কনসার্টে হাজির হচ্ছে সেপ্টেম্বর ও নভেম্বর মাসে।
রক ও মেটাল মিউজিক ভিত্তিক ম্যাগাজিন কেরাং জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর মিনেসোটার শাকোপিতে ও ১৩ নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিশেষ এই কনসার্ট করার ঘোষণা দিয়েছে ‘স্লেয়ার’।
প্রায় ৭ বছর পর লস অ্যাঞ্জেলেসে কনসার্ট করছে ‘স্লেয়ার’। দুটি কনসার্টেই ‘রেইন ইন ব্লাডের’ সবগুলো গান গাইবে ব্যান্ডটি।

শুধু ‘স্লেয়ার’ একা নয়, আইকনিক এই অ্যালবামের চার দশক পূর্তিতে তাদের সঙ্গে মিনেসোটার কনসার্টে থাকছে ডাউন ও সুইসাইডাল টেনডেন্সিস। আর লস অ্যাঞ্জেলসের দর্শকেরা স্লেয়ারের সঙ্গে দেখতে পাবেন ক্যানিবাল কর্পস, ক্যাভালেরা কেওস এডি ও ক্রোবারের মতো ব্যান্ডগুলোকে।
আশির দশকে হেভি মেটালের পর জন্ম নেয় থ্র্যাশ মেটাল ধারা। হেভি মেটালের চেয়ে দ্রুত, আগ্রাসী ও ভারী ড্রামস, গিটার রিফ ও জোরালো ভোকালের কারণে এটি জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে।
১৯৮৩ সালের মেটালিকার ‘কিল এম অল’কে ধরা হয় প্রথম থ্র্যাশ মেটাল অ্যালবাম। এর তিন বছর পর আসে স্লেয়ার এর ‘রেইন ইন ব্লাড’। থ্র্যাশ মেটাল ধারায় একটি আইকনিক অ্যালবাম হিসেবে প্রতিষ্ঠিত হয়।
‘স্লেয়ার’ এর আগে ‘শো নো মার্সি’ (১৯৮৩) ও ‘হেল অ্যাওয়েইটস’ (১৯৮৫) নামের দুটি অ্যালবাম বের করলেও, ‘রেইন ইন ব্লাডই’ তাদের এই ধারার অন্যতম শীর্ষ ব্যান্ডে পরিণত করে

আশির দশকে থ্র্যাশ মেটাল ধারায় ‘বিগ ফোর’ ব্যান্ডের একটি হিসেবে পরিচিতি পায় ‘স্লেয়ার’। অন্য তিন ব্যান্ড হল মেটালিকা, মেগাডেথ ও অ্যানথ্র্যাক্স।
৮৬ সালকে ধরা হয় থ্র্যাশ মেটাল সঙ্গীতের সেরা বছর। কারণ, রেইন ইন ব্লাডের পাশাপাশি ওই একই বছর মুক্তি পায় মেটালিকার ‘মাস্টার অফ পাপেটস’ ও মেগাডেথের ‘পিস সেলস, বাট হুজ বায়িং?’ শীর্ষক আরও দুটি আইকনিক অ্যালবাম।
পরের বছরের মার্চে আসে অ্যানথ্র্যাক্সের ‘অ্যামাং দ্য লিভিং’ অ্যালবামটি। এই চারটি অ্যালবামই থ্র্যাশ মেটাল ভক্তদের কাছে সেরা বলে বিবেচিত।