২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলার শঙ্কা, সুইফটের ভিয়েনা ট্যুর বাতিল

আয়োজকরা জানিয়েছে আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2024, 05:24 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

অস্ট্রিয়ায় যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল করেছে কর্তৃপক্ষ। 

দেশটির রাজধানী ভিয়েনায় আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত তিনটি শোয়ে গান গাওয়ার কথা ছিল সুইফটে। কিন্তু সেখানে সন্ত্রাসী হামলার শঙ্কায় শেষ মুহূর্তে ওই কনসার্টগুলো বাতিল করেছেন শোয়ের প্রচারকারী সংস্থা বারাকুডা মিউজিক।

সিএনএন লিখেছে, বারকুডা মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, “অস্টিয়া সরকারের পক্ষ থেকে টেইলর সুইফটের কনসার্টে সন্ত্রাসী হামলার সতর্ক বার্তা পাওয়ার পর প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য আমাদের নির্ধারিত শো বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকেনি।”

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার বলেন, “পুলিশ বলেছে যে সন্দেহভাজনরা উগ্রপন্থি। তারা সুইফটের কনসার্টে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছেন। তারা ইসলামিক স্টেটের অনুসারী। ইন্টারনেটে তারা ইসলামিক স্টেটের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছিল।”

জননিরাপত্তা বিভাগের জেনারেল ডিরেক্টর ফ্রাঞ্জ রুফ বলেছেন ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়ান তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার। বিকেলে আরেক তরুণকে গ্রেপ্তার করা করে পুলিশ।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, ১৯ বছরের ওই তরুণ গত ২৫ জুলাই কাজ ছেড়ে দেন আরো ‘বড় কিছু করার পরিকল্পনায়’। এই তরুণের পরিকল্পনা ছিল কনসার্টস্থলের ভেতরে বিস্ফোরণ ঘটানোর। আর গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী ছেলেটি সম্প্রতি তার বান্ধবীর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। 

১৯ বছর বয়সী তরুণের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে। সেই সঙ্গে ইসলামিক স্টেটের লিফলেট, জাল টাকা, ছুরিও উদ্ধার করা হয়।

ভিয়েনায় সুইফটের কনসার্ট আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি শোতে প্রায় ৬৫ হাজার দর্শক একং স্টেডিয়ামের বাইরে আরো ১৫ থেকে ২০ হাজার দর্শক শ্রোতার উপস্থিতি আশা করছিলেন। এখন বাতিল হওয়া শোগুলোর নতুন তারিখ ঠিক করা কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

শো বাতিলে হতাশ হয়েছেন সুইফট ভক্তরাও। এই শিল্পীর অনুরাগীদের অনেকেই আছেন যারা সুইফটের গান শুনতে অনেক আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলেন। অনেকে ছুটিছাটা নিয়ে দূর দেশ থেকে ভিয়েনায় এসেছিলেন কেবল সুইফটকে দেখতে। 

তাদের একজন হলেন ভেনেসা। ২৪ বছর বয়সী এই তরুণী ভিয়েনায় আসেন আয়ারল্যান্ড থেকে।

“আমি সুইফটের গান প্রথম শুনি ২০১৮ সালে। যখন শুনলাম ভিয়েনায় তার কনসার্ট হবে, আমি টিকেট সংগ্রহ করি। এখন সব ভেস্তে গেল। কান্না পাচ্ছে, রাগও হচ্ছে।”

তবে হামলার সন্দেহভাজনরা গ্রেপ্তারের খবর শুনে তিনি নিশ্চিন্ত হয়েছেন। 

আয়োজকরা জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

এর আগে জুলাইয়ে ইরাস ট্যুরে জার্মানিতে শো করেছেন সুইফট। মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে সুইফটকে শুনতে দর্শকের ঢল নেমেছিল। ভেতরে ঢুকতে না পেরে অনেকে বাইরে বসেও শুনেছেন। আবার বহু মানুষ স্টেডিয়ামের কাছে অলিম্পিক পাহাড়েও উঠেছেন সুইফটের পারফরম্যান্স দেখতে। 

সামনে পোল্যান্ডে ইরাস ট্যুরে যাওয়ার কথা রয়েছে সুইফটের। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে শেষ হবে এই ট্যুর।