কৈশোরেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন জনি লিভার!
মাত্র ১৩ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনি লিভার।
যারা প্রতিনিয়ত হাসিঠাট্টা এবং রসবোধের ব্যবহার করে মানুষের মন ভালো রাখার কাজটি করে যান, তাদের নিজেদের জীবন অনেকসময় ঢেকে যায় বিষন্নতার আড়ালে। তেমন হয়েছিল বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা জনি লিভারের ক্ষেত্রে।
আনন্দবাজার লিখেছে, এই অভিনেতার জীবনে এতটা বিরক্তি এসে গিয়েছিল যে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেন তিনি।
তিনশর বেশি সিনেমায় কাজ করা জনি জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়েছিলেন কিশোর বয়সে যে, মানসিক অবসাদ গ্রাস করেছিল তাকে। মাত্র ১৩ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।
জনি বলেন, “আমার মনে হয়েছিল বেঁচে থাকলে যন্ত্রণা আরও বাড়বে। তাই ঠিক করেছিলাম নিজেকে শেষ করে দিলে বোধহয় কষ্ট থাকবে না। সেই চিন্তা থেকে রেললাইনে শুয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। কিন্তু পাড়ার লোকজন আমাকে দেখে তুলে এনে বাঁচিয়েছিলেন।”
আত্মহত্যার এমন সিদ্ধান্তের পেছনের মূল কারণ জানিয়ে জনি বলেছেন, তারা যেখানে বসবাস করতেন সেটি ছিল মূলত অপরাধীদের আখড়া। চোখের সামনে বহু খুন হতে দেখেছেন তিনি। অভিনেতা না হয়ে অপরাধী হয়ে যেতে পারতেন তিনি।
সেই নেতিবাচক পরিবেশ জীবনের ওপর খারাপ প্রভাব ফেলেছিল বলেও জানান জনি।
জনির পারিবারিক নাম ছিল জন প্রকাশ রাও জানুমালা। নব্বইয়ের পর থেকে একটা দীর্ঘ সময় বলিউডে কৌতুকের স্থানটি একা হাতে ধরে রেখেছেন তিনি।
এক সাক্ষাৎকারে জনি নিজেই একবার বলেছিলেন, টানাটানির সংসারে সপ্তম শ্রেণির বেশি পড়াশোনা করতে পারেননি।
রোজগারে নামতে হয়েছিল অল্প বয়সে। কলম বিক্রি করতেন মুম্বাইয়ের রাস্তায়। অভিনব ছিল তার কলম বিক্রির পদ্ধতি। বলিউড তারকাদের নকল করে বেচতেন একটার পর একটা কলম। পরে নানা ধরনের চড়াই উৎরাই পেরিয়ে জনি ঢুকে যান ফিল্মি দুনিয়ায়।
সুনীল দত্তের ‘দর্দ কা রিস্তা’ সিনেমায় কমেডিয়ান হিসেবে জনি প্রথম আত্মপ্রকাশ করেন। সাফল্য আসে ‘বাজিগর’ সিনেমা দিয়ে।
এই কৌতুকাভিনেতা এখন কাজ করেন বেছে বেছে।
