‘আ ভিজিট টু গ্রান্ডপা’জ’: ডাকসাঁইটে হপকিন্সের সাথে গ্ল্যামারাস জিটা-জোন্স
ওয়েলসের কবি ও লেখক ডিলান টমাসের জনপ্রিয় একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করছেন ‘ডিস্টারবিয়া’ নির্মাতা ডি জে কারুসো।
এক সিনেমায় ডাকসাঁইটে অ্যান্থনি হপকিন্সের শক্তিশালী উপস্থিতি আর ক্যাথরিন জিটা-জোন্সের গ্ল্যামার- দুইয়ে মিলে দারুণ কিছু হতে চলেছে ‘আ ভিজিট টু গ্রান্ডপা’জ’। সাথে থাকছে ওয়েলসের কবি-লেখক ডিলান টমাসের দারুণ জনপ্রিয় এক ছোটগল্পের অনুপ্রেরণা।
ওয়েলসের এই দুই তারকা জুটি বেঁধেছেন নির্মাতা ডি জে কারুসোর এই সিনেমায়। দ্য হলিউড রিপোর্টার বলছে, এপ্রিলের প্রথমদিকেই শুরু হয়েছে সিনেমাটির চিত্রধারণ।
সিনেমায় দুই তারকার উপস্থিতির প্রথম ছবি গেল বুধবার প্রকাশ করা হয়েছে, যেখানে হলুদ জামা পরা ‘শিকাগো’ অভিনেত্রীকে দেখা গেছে একটি বারে দাঁড়িয়ে থাকা অবস্থায়। আর ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ তারকা বর্ষীয়ান হপকিন্স ধরা দিয়েছেন হ্যাট-কোট পরা অবস্থায়।
সিনেমাটির বৈশ্বিক বিপণনের দায়িত্বে থাকছে ওয়েস্টএন্ড ফিল্মস। প্রতিষ্ঠানটি কান চলচ্চিত্র উৎসব সামনে রেখে সিনেমাটির প্রথম ভিডিও প্রকাশ করবে।
হপকিন্স, জিটা-জোন্স ছাড়াও এই সিনেমায় আরো থাকছেন অ্যানুউরিন বার্নার্ড (ডাকার্ক), আর্টি উইলকিনসন-হান্ট (গুড লাক, হ্যাভ ফান, ডোন্ট ডাই), জেরালডিন জেমস (শার্লক হোমস) এবং অ্যামি-ফিয়ন এডওয়ার্ডস (পিকি ব্লাইন্ডার্স)।
আরা ওয়েলসের কবি-লেখক ডিলান টমাসের জনপ্রিয় ছোটগল্পকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন কেন আগুয়াদো।
এক কিশোর আর তার দাদাকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে দেখা যাবে, এক কিশোরকে ওয়েলসের প্রত্যন্ত খামারে তার পাগলাটে দাদার (হপকিন্স) সাথে গ্রীষ্মকাল কাটানোর জন্য পাঠানো হয়।
কিশোরটি ভেবেছিল, খামারে তার একঘেয়ে দিন কাটবে দাদার কড়া নিয়মের মধ্যে। কিন্তু উল্টো ছেলেটি এলোমেলো আনন্দের মধ্যে দিয়ে ঢুকে যায় কল্পনার এক ভুবনে। সেখানে তার সামনে উন্মোচিত হতে থাকে অদ্ভুত সব গল্প, বিস্ময়, স্মৃতি ও মজার এক জগৎ।
“যা অনিচ্ছার এক সফর হিসেবে শুরু হয়েছিল, তা আবিষ্কার এবং অপ্রত্যাশিত আনন্দের এক জাদুকরী যাত্রায় পরিণত হয়,” এভাবে বলা হয়েছে গল্পের সারাংশে।
মার্কিন চলচ্চিত্র নিমার্তা-চিত্রনাট্যকার কারুসো তার ‘ডিস্টারবিয়া’ (২০০৭) সিনেমার জন্য বেশি পরিচিত। এছাড়া ‘ঈগল আই’ (২০০৮) এবং ‘মেরি’ (২০২৪) এর মতো নির্মাণও রয়েছে তার ঝুলিতে।
‘আ ভিজিট টু গ্রান্ডপা’জ’ প্রযোজনা করছেন ওয়েলসের হিউ পেনাল্ট জোন্স, হ্যানা লিডার ও অ্যামরি লিডার। ইউরোপিয় এই যৌথ প্রযোজনার সাথে আছে অ্যাডলার এন্টারটেইনমেন্ট এবং ইউ-মিডিয়া।
