Published : 19 Mar 2026, 01:54 PM
জনপ্রিয় রক ব্যান্ড ‘পার্ল জ্যাম’ এর দীর্ঘদিনের ড্রামার ম্যাট ক্যামেরন দল ছেড়ে দেন গত বছরের জুলাই মাসে। এরপর থেকে বেশি কিছু চুপচাপ ছিল যুক্তরাষ্ট্রের সিয়াটলের এই ব্যান্ডটি।
সম্প্রতি ব্যান্ডের গিটারিস্ট মাইক ম্যাকক্রিডি আমেরিকান মিউজিক ম্যাগাজিন স্পিনকে জানিয়েছেন ক্যামেরনকে ছাড়াই তারা ব্যান্ডের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, সে লক্ষ্যে নিজেদের মধ্যেও যোগাযোগ শুরু করেছেন তারা।
স্পিন ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে ম্যাকক্রিডি বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, ই-মেইল চালাচালি হচ্ছে ও প্রচুর কথা হচ্ছে ফোনে। আমরা যেভাবে কাজ করি সেটা শুরুতে ধীরেসুস্থে এগুলেও হুট করে সবকিছু খুব দ্রুত হয়ে যায়।

“এই মুহূর্তে আমরা ধীরগতিতেই এগিয়ে যাচ্ছি। কাজ পুরোদমে শুরু হবে কিন্তু আমি ঠিক জানি না কবে। এই বছর কনসার্ট ট্যুর করতে চাই আমরা কিন্তু এখনও কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।”
পার্ল জ্যামের পুরনো ড্রামার জ্যাক আয়রন হুট করে ব্যান্ড ছেড়ে দেয়ার মাত্র দুই মাসের মাথায় পার্ল জ্যামে যোগ দেন ক্যামেরন। ১৯৮৮ সালে ‘ইল্ড ট্যুর’ এর সময় থেকে তিনি কাজ করা শুরু করেন। ২০২৪ সালে ব্যান্ডের ‘ডার্ক ম্যাটার’ অ্যালবামে সবশেষ কাজ করেন তিনি।
২৭ বছর পর ব্যান্ড ছেড়ে দেয়ার পর অন্যতম কারণ হিসেবে ক্যামেরন জানিয়েছেন, পার্ল জ্যামের ব্যস্ত সূচি এবং প্রায় তিন ঘণ্টা দীর্ঘ একেকটি কনসার্টের ক্লান্তির কথা। ছেড়ে দেয়ার পরও ক্যামেরন ব্যান্ড সদস্যদের কাছের বন্ধু হয়েই থাকবেন বলে জানান ম্যাকক্রিডি।

তিনি বলেন, “ম্যাটের সঙ্গে এক ব্যান্ডে বাজানোটা ছিল স্বপ্নের মতো। আমাদের যখন জরুরি দরকার ছিল তখন তাকে পাওয়াটা ছিল ভাগ্যের ব্যাপার। আমি তাকে মানুষ হিসেবে ও তার পুরো পরিবারকে ভালোবাসি। ম্যাটের স্ত্রী এপ্রিলকে হাইস্কুল থেকে চিনি। সবসময় মনে হতো, সে যেহেতু আমাদের সঙ্গে আছে ব্যান্ড প্রতি বছর উন্নতি করবেই। তার নতুন যাত্রার জন্য তাকে শুভেচ্ছা জানাতে চাই।”
‘পার্ল জ্যাম’ ছাড়ার পর ক্যামেরন ‘ইস দিস রিয়েল?’ নামের একটি ব্যান্ডে যোগ দিয়েছেন। এছাড়া নির্ভানা ব্যান্ডের সদস্য ক্রিস্ট নভোসেলিকের ব্যান্ড ‘থার্ড স্ট্রিট-এও বাজাচ্ছেন তিনি।
আর ম্যাকক্রিডি জানিয়েছেন নিজের নতুন গ্রাফিক নভেল নিয়ে কাজ শেষ করছেন তিনি। আর রক অপেরা ‘ফেয়ারওয়েল টু সিজনস’ এর কাজও শেষ করে ফেলেছেন। এই অ্যালবাম মুক্তি পাবে ৬ অক্টোবর।