২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

মিফতাহ জামানের কনসার্ট ‘অতঃপর অধরা’

তিনি বলেন, “দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মুখিয়ে আছি।"

মিফতাহ জামানের কনসার্ট ‘অতঃপর অধরা’

সংগীতশিল্পী মিফতাহ জামান। ছবি: শিল্পীর সৌজন্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 07:15 PM

Updated : 23 Sep 2026, 07:15 PM

‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান।

আগামী শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে এই কনসার্ট। এর মধ্য দিয়ে দুই বছর পর একক কনসার্ট করছেন তিনি।

বিকাল ৫টা থেকে কনসার্ট শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন মিফতাহ।

তিনি বলেন, "এই শো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরো বেড়ে গেছে। দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মুখিয়ে আছি।"

শিল্পকলা একাডেমির পরিসর তুলনামূলকভাবে কিছুটা ছোট হলেও আয়োজন নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তিনি।

"এবার ভেন্যু শিল্পকলায়; বলা যায় সিলেক্টিভ অডিয়েন্সের জন্য। তবে আমরা ভীষণ এক্সাইটেড। এবার নতুন কিছু গানও পারফর্ম করব, পাশাপাশি আগের গানগুলো তো থাকবেই। পুরো টিম সিরিয়াসলি প্র্যাকটিস করে যাচ্ছি। আশা করছি দারুণ একটা শো হবে।"

কনসার্টের টিকেটের দাম রাখা হচ্ছে দুই ক্যাটাগরিতে। ভিআইপি গ্যালারির টিকেটের দাম ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার গ্যালারির টিকেট ৯০০ টাকা।

এর আগে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) একক কনসার্ট করেছিলেন মিফতাহ।

কনসার্টে 'চির অধরা', 'তাই তোমার খেয়াল', 'প্রাপ্তিশূন্য'র মত দর্শকপ্রিয় মৌলিক গানের পাশাপাশি মিফতাহর কণ্ঠে নতুন করে পরিচিতি পাওয়া 'হয়তো তোমারই জন্য', 'কী নামে ডেকে বলব তোমাকে' ও 'আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন' গানগুলো পরিবেশন করবেন বলে জানিয়েছেন তিনি।