২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্পর্ধা অ্যাটেলিয়ার’ মঞ্চে ‘ঘুণপোকা’ ও ‘তোতাকাহিনী’

নাটক দুটিতে অভিনয় করেন ছয় থেকে ১৬ বছরের শিশু-কিশোরেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

রাজধানীর গুলশানে স্পর্ধা অ্যাটেলিয়ারে মঞ্চায়ন হয়েছে দুটি শিশুতোষ নাটক ‘ঘুণপোকা’ ও ‘তোতাকাহিনী’।

শনিবার দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় নাটক দুটিতে অভিনয় করেন ছয় থেকে ১৬ বছরের শিশু-কিশোরেরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘তোতাকাহিনী’ মূর্খ এক পাখির গল্পকে ঘিরে আবর্তিত। নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহানাজ পারভীন জোনাকি।

নাটকে দেখা যায়- লেখাপড়া না, পাখিটি মনের সুখে গান গায়। কখনো উল্লাসে লাফিয়ে ওঠে, কখনো আবার উড়াল দেয় অন্তরীক্ষে। তাই রাজার মেজাজ বড্ড খারাপ হয়। পাখিটিকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা আঁটেন রাজা। অতঃপর থেমে যায় পাখির গান, রুদ্ধ হয়ে যায় কণ্ঠ। অবিরাম জ্ঞান দেওয়া হয় পাখিটিকে। জ্ঞানের ভাড়ে একদিন পাখিটি হারিয়ে যায়। সেই বেদনায় নববসন্তের কিশলয়গুলো দীর্ঘ নিঃশ্বাসে আকুল করে তোলে বনের আকাশ।

এ প্রযোজনার বিভিন্ন চরিত্রের রূপ দেওয়া শিশু শিল্পীরা হল ময়ূখ দাশ, সুমাইয়া আক্তার, ইশা মনি, আলিফ মোল্লা, ইয়ামন ওয়াসিফ, যুগ উত্তীর্ণা, দরিয়া মাসরুর, ঈশান অভিরূপ, অরুদ্ধ রুশদ আলী, ফারিস্তা সালাম শ্রেয়া, নুভেল তনয়া ও রাদিফা নারমিন।

আর হরিপদ দত্তের গল্প অবলম্বনে নির্মিত ‘ঘুণপোকা’ নাটকে বনদেবীর ভক্ত এক কাঠুরের গল্প উঠে এসেছে।

কাঠুরে বনদেবীকে পূজা দেওয়ার পাশাপাশি মনে মনে তার সুনাম গায়। সে বিশ্বাস করে, যাই ঘটুক তাকে কেউ কিচ্ছু বলবে না। তাই সে ক্রমাগত গাছ কাটতে কাটতে বন উজাড় করে ফেলে। তৃষ্ণায় বনের পশুপাখি মরতে থাকলেও থামে না কাঠুরিয়া। অতঃপর বনদেবীর অভিশাপে সে হয়ে যায় ঘুণপোকা। পচা কাঠে জন্ম নিয়ে সেখানেই কাটে জীবন। মরণও হয় ওই পচা কাঠের গর্তে।

মো. সোহেল রানা নির্দেশিত প্রযোজনাটিতে অভিনয় করেন শেখ আহরাম ইউসুফ, রংবি আকলিমা, আল আমিন, শেখ আমিরা উমা, অগ্নিমিত্রা মজুমদার, মাহরুস আহসানউল্লাহ, রুকাইয়্যা মাহমুদ, অনিন্দ্য সৃজন, অনিল নক্ষত্র, খাদিজা খানম, মাহিনুর আক্তার ও মানিক হোসাইন। সংগীত পরিকল্পনা করেন অনিরুদ্ধ অনু।

নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের তত্ত্বাবধানে শিশুতোষ মঞ্চনাটক নির্মাণে ছয় থেকে ১০ এবং ১১ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে দুটি অভিনয় কর্মশালা আয়োজন করে নাট্যদল ‘স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ’। সমাজের অগ্রসর শ্রেণির পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও অংশ নেয় সেখানে।

১২টি অধিবেশনের মাধ্যমে অভিনয়শৈলীর নানা বিষয়ে দীক্ষা দেওয়া হয় স্পর্ধার জুনিয়র সেকশনের শিল্পীদের, যাদের অভিনয় শেখার বাস্তবিক প্রয়োগ ঘটে শনিবার। কর্মশালায় অংশ নেওয়া শিশুরা নাটক দুটি মঞ্চায়ন করেছে দর্শকের সামনে।

দুটি প্রযোজনারই মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও পোশাক পরিকল্পনা করেছেন মহসিনা আক্তার।