এত বছরে একটা চিঠিও পাইনি: অমিতাভকে নিয়ে অনুযোগ জয়ার
অমিতাভের ৮০তম জন্মদিন উপলক্ষে বিশেষ অতিথি হয়ে কেবিসিতে এসেছিলেন স্ত্রী জয়া ও ছেলে অভিষেক বচ্চন।
বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন দশকের পর দশক তার প্রতাপ ধরে রাখলেও সম্প্রতি তাকে প্রকাশ্যেই নাজেহাল হতে হয়েছে সহধর্মিনী জয়া বচ্চনের কাছে।
ঘটনাটি ঘটেছে অমিতাভেরই জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আসরে। জয়ার কথায় বিগ বির বিব্রত দশা সনি টিভিতে দেখেছেন লাখো দর্শক।
এনডিটিভি লিখেছে, অমিতাভের ৮০তম জন্মদিন উপলক্ষে বিশেষ অতিথি হয়ে কেবিসিতে এসেছিলেন স্ত্রী জয়া ও ছেলে অভিষেক বচ্চন।
অনুষ্ঠানের এক পর্যায়ে জয়া বলেন, “আমি শুনেছি কোনো শিল্পীর কাজ তোমার পছন্দ হলে তুমি তাদের ফুল এবং হাতে লেখা চিঠি দাও। এগুলো শুধু শুনেই গেলাম, দেখিনি কখনও। কারণ আমায় তো কখনও এমন কিছু দাওনি।”
স্ত্রীর অভিমান মেশানো অভিযোগে অপ্রস্তুত অমিতাভ তখন বলেন, “এটা কিন্তু ঠিক হচ্ছে না।“
কিন্তু ছেলের সমর্থন তখন মায়ের পক্ষে। অভিষেক তার বাবাকে বললেন, “না না এসব বললে কি চলবে? দেখো আরও কী কী ফাঁস হয় এখানে।“
অনুষ্ঠানের শুরুতে অমিতাভকে চমকে দিয়ে মঞ্চে প্রবেশ করেন অভিষেক। কিছুক্ষণ পর যখন জয়াও মঞ্চে এলেন, আবেগ ধরে রাখতে পারেননি স্বামী-স্ত্রীর কেউ। দুজনের চোখের জল ছুঁয়ে যায় দর্শকদেরও।
জয়া বচ্চন তার ক্যারিয়ারে ৫৭টি সিনেমায় অভিনয় করেছেন। শুরুটা সত্যজিৎ রায়ের ‘মহানগর’ দিয়ে। আর ৫০ বছরে অভিতাভ অভিনীত সিনেমার সংখ্যা ১৯০।
বিয়ের একমাস পর অমিতাভ-জয়া জুটির প্রথম সিনেমা ‘অভিমান’ তুমুল জনপ্রিয়তা পায় দুজনের অভিনয় গুণে, সিনেমার গান আর গল্পেও। বিয়ের আগে ‘গুড্ডি’ এবং পরে ‘সিলসিলা’, ‘মিলি’, ‘শোলে’, ‘জঞ্জির’ ‘কাভি খুশি কাভি গম’সহ আরও অনেক হিন্দি সিনেমায় দুজন একসঙ্গে কাজ করেছেন।
অমিতাভের সঙ্গে জযার প্রথম দেখা ‘বংশী বিরজু’ সিনেমায়। আর ‘গুড্ডি’ সিনেমার শুটিং থেকে দুজনের মন দেওয়া নেওয়া। সেই প্রেম থেকে ৪৯ ব্ছর আগে ১৯৭৩ সালে বাঙালি মেয়ে জয়া ভাদুড়ি তার সিনেমার নায়ক অমিতাভকে বিয়ে করে হয়ে যান জয়া বচ্চন।
এক সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন, একই সঙ্গে ‘আধুনিক এবং ট্র্যাডিশনাল’ কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন তিনি। এই দুই বিচারে জয়াকেই তার মনে ধরে।
আর জয়া জানিয়েছিলেন, অমিতাভের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর বেশ দুঃশ্চিন্তাতেই কেটেছিল অনেকদিন। কারণ তার মনে হয়েছিল, অমিতাভ হয়ত ‘খবরদারি’ করবেন তার ওপর।
জয়ার সেই শঙ্কা আদৌ সত্যি হয়েছিল কি না, পরে তা আর জানা না গেলেও অর্ধশতক ছুঁইছুঁই দাম্পত্য জীবনে এই জুটি পেরিয়েছেন অনেক চড়াই-উৎরাই। সাফল্য–ব্যর্থতায় মোশানো জীবনে একে অপরের হাত ধরে রেখেছেন অমিতাভ ও জয়া।
