ছায়ানটে বসছে লোকসংগীতের আসর
এবারের আয়োজন উৎসর্গ করা হচ্ছে লালন সাঁইজিকে।
সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে বসছে লোকসংগীতের অনুষ্ঠান। যেখানে লালন সাঁই, মনমোহন দত্তসহ পাঁচ গীতিকবির গান পরিবেশন করা হবে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে গানের এই আসর বসবে।
ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এবারের আয়োজন উৎসর্গ করা হচ্ছে লালন সাঁইজিকে।
লালন সাঁই, মনমোহন দত্ত ছাড়াও কামাল পাশা, জসীম উদ্দীন ও নীলকমল মিশ্রের গান গাইবেন শিল্পীরা।
বরাবরের মত এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রেখেছে ছায়ানট। একইসঙ্গে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
