২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সবচেয়ে বেশি দর্শক নিয়ে কনসার্টের রেকর্ড কোল্ডপ্লের

রেকর্ড ১ দশমিক ৩ লাখ টিকিট বিক্রির পাশাপাশি কনসার্টটি ভারত এবং ভারতের বাইরের সংগীতপ্রেমীদের একত্রিত করেছে, যা দেশটিতে লাইভ ইভেন্টের রেকর্ডকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আড়াই লাখ দর্শক নিয়ে কনসার্ট করে রেকর্ড গড়েছে ব্রিটিশ ব্যান্ড দল কোল্ডপ্লে। 

গত ২৫ এবং ২৬ জানুয়ারি ভারতের সর্বকালের বড় এ কনসার্ট অনুষ্ঠিত হয়। রেকর্ড ১ লাখ ৩ হাজার টিকেট বিক্রির পাশাপাশি কনসার্টটি ভারত এবং ভারতের বাইরের সংগীতপ্রেমীদের একত্রিত করেছে, যা দেশটিতে লাইভ ইভেন্টের রেকর্ডকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

ভারতের ‘লাইভ ইন্ডিয়া’র খবরে বলা হয়, এ আয়োজন নির্বঘ্ন করতে কাজ করেছে গুজরাট সরকার, স্থানীয় প্রশাসন এবং কনসার্টের আয়োজকরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে অনবদ্য নিরাপত্তা, পরিবহন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট মিলে কনসার্ট সফল হয়।

এ আয়োজনের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে বিশ্বমানের কনসার্ট আয়োজনের সব অবকাঠামো রয়েছে এবং ভারত কনসার্টের একটি বৈশ্বিক হাব হওয়ার সক্ষমতা রাখে। 

গত ২০২৩ সালে জি-২০ সম্মেলন এবং ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের পর কোল্ডপ্লের এ কনসার্ট আয়োজন করে খ্যাতি অর্জন করেছে গুজরাট।

এ আয়োজনের চাপ পড়ে শহরজুড়ে। ক্রিকেট বা এ ধরনের বড় ইভেন্টের সব হিসাবকে ছাড়িয়ে গেছে কোল্ডপ্লের কনসার্ট। শহরের মেট্রো পরিষেবা এক দিনে রেকর্ড ৪ লাখ ৫ হাজার ২৬৪ জন যাত্রী পরিবহন করে। কনসার্টের এ দু’দিনে মেট্রো কর্তৃপক্ষ মোট ৬৬ লাখ রুপি রাজস্ব ঘরে তুলেছে।

কনসার্টের নিরাপত্তা ছিল বড় মাথাব্যথা; ১৮০০ পুলিশ সদস্য দর্শকদের নিরাপত্তা দেয়।

এছাড়া আশেপাশের পরিবেশ সুন্দর রাখতে কাজ করেছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। ৪৮ ঘণ্টায় তারা ১৫০০ টন ময়লা পরিষ্কার করেছে।

কোল্ডপ্লের এ কনসার্ট প্রভাব ফেলেছে স্থানীয় অর্থনীতিতেও। আয়োজনকে ঘিরে আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নয়শর বেশি ফ্লাইটের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতের ব্যবসাতেও এর প্রভাব পড়েছে।

কনসার্ট চলাকালে ব্যান্ডের লিড ভোকালিস্ট ক্রিস মার্টিন ‘বন্দে মাতরম’ এবং ‘মা তুঝে সালাম’ গেয়ে ভারতের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি এসব দেশাত্মক গানে প্রশংসা কুড়ান উপস্থিত দর্শনার্থীদের।

একই সঙ্গে ইংল্যান্ড সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সদস্য জাসপ্রিত বুমরাহর ধ্বংসাত্মক পারফর্মেন্সের জন্য তাকে নিবেদন করে একটি গান পরিবেশন করেন তিনি। 

কনসার্টটি সারাবিশ্বের দর্শকদের দেখার সুবিধার্থে ডিজনি প্লাস এবং হটস্টারে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোল্ডপ্লে ইন্ডিয়া লেগের সমাপ্তি ঘটে ক্রিস মার্টিনের ভারতকে ভালোবাসার বার্তা দিয়ে।

সন্ধ্যার সমাপ্তিতে তিনি বলেন, “ভারত মাতাকে অভিবাদন’, আহমেদাবাদ ভক্তদের হৃদয়ে স্থায়ী চিহ্ন রেখে গেল।”

আরও পড়ুন

কোল্ডপ্লে'র জানা-অজানা

কোল্ডপ্লের কনসার্টের টিকেট নিয়ে ভারতে তুলকালাম

মহাশূন্যে প্রকাশিত হল কোল্ডপ্লে'র নতুন গান

রেকর্ড বিক্রির বছরে সংগীতের 'হারোনো দিন' ফিরে এসেছে যুক্তরাজ্যে