২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী মুক্তির আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 01:04 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে দর্শকপ্রিয় সুপারহিরো ‘স্পাইডার-ম্যান’। আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন বৃহস্পতিবার থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে দেখা যাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

বুধবার সিনেমাটি নিয়ে এক বিশেষ প্রদর্শনী আয়োজন করে স্টার সিনেপ্লেক্স, যেখানে উপস্থিত ছিলেন দেশের অভিনয়শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকরা৷

সেখানে সিনেমাটি নিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি ৩১ জুলাই শুক্রবার মুক্তি পাচ্ছে। তবে বিশেষ অনুমতি নিয়ে আমরা বাংলাদেশের মার্ভেল ভক্ত ও দর্শকদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছি।"

সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, “শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়েই টম হল্যান্ড ও মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এই কিস্তি নিয়ে চরম উন্মাদনা তৈরি হয়েছে। বাংলাদেশে মার্ভেলের বিশাল এক তরুণ দর্শকগোষ্ঠী রয়েছে। এর আগের সিনেমাগুলো চালিয়েও আমরা দারুণ সাড়া পেয়েছিলাম। সঠিক কনটেন্ট পেয়ে দর্শকেরা আবারও হলে ফিরেছেন; ফলে মুক্তির আগেই প্রথম তিন দিনের টিকেট পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে। আশা করছি আগামী এক-দুই মাস সিনেমাটি হলে ভালো ব্যবসা করবে।”

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এ সিনেমায় স্পাইডার-ম্যান বা পিটার পার্কার চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার বিপরীতে ‘এমজে’ চরিত্রে দেখা যাবে জেনডায়াকে। আগের কিস্তির অন্যান্য চেনা মুখের মধ্যে জ্যাকব ব্যাটালন এবং ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফেলো এ সিনেমাতে ফিরছেন।

যুক্ত হয়েছেন বেশ কিছু নতুন মুখ। পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর এমজের জীবনে নতুন আসা প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন ইমান এসফান্দি। এছাড়া ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে।মার্ভেল ভক্তদের জন্য বড় চমক হিসেবে হাজির হচ্ছেন নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’এর অভিনেতা জন বার্নথাল। বড় পর্দায় আবারও তার আইকনিক ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে দেখা যাবে।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। ডক্টর স্ট্রেঞ্জের মন্ত্রের প্রভাবে বিশ্ব এখন পিটার পার্কারের কথা পুরোপুরি ভুলে গেছে। একা হয়ে পড়া পিটার নিউইয়র্ক শহরকে রক্ষা করতে গিয়ে এক শক্তিশালী ও রহস্যময় হুমকির মুখোমুখি হয়। একাকিত্ব ও মানসিক চাপের মধ্য দিয়ে এবার পিটার পার্কারকে আরও স্বাধীন ও পরিণত রূপে দেখতে পাবেন দর্শকরা।

প্রযুক্তিগত দিক থেকেও রেকর্ড গড়েছে সিনেমাটি। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এটিই প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে তৈরি হয়েছে। এই প্রযুক্তিতে প্রচলিত মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, যা দর্শকদের ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ে সিনেমা উপভোগের সুযোগ দেয়।