২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেট সাফ থেকে ঘর গোছানো, নিজেই সব করছেন কোভিডে আক্রান্ত অমিতাভ

তার উপলব্ধি, নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভরতা কমিয়ে দেওয়া- এটাও আনন্দদায়ক অভিজ্ঞতা।

টয়লেট সাফ থেকে ঘর গোছানো, নিজেই সব করছেন কোভিডে আক্রান্ত অমিতাভ

অমিতাভ বচ্চন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 09:34 AM

Updated : 30 Aug 2022, 09:36 AM

দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, সেটা বোঝা গেল তার ঘরের কাজের ফিরিস্তি শুনে।

গতবারের মত এবার তাকে হাসপাতালে যেতে হয়নি, নিজের বাড়িতেই তিনি আইসোলেশনে আছেন। ঘরের মেঝে সাফ করা থেকে শুরু করে বিছানা ঠিকঠাক করা, এমনকি চা-কফি, জলখাবারও নিজে হাতেই তৈরি করছেন বলিউডের এই জীবন্ত কিংবদন্তী।

গত ২৩ অগাস্ট অমিতাভ নিজেই করোনাভাইরাসে আক্রন্ত হওয়ার খবর জানান সোশাল মিডিয়ায়। সে সময় তিনি তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোভিড পরীক্ষার পরামর্শ দেন।

পুরনো খবর:

ফের কোভিডে আক্রান্ত অমিতাভ বচ্চন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

এর আগে মহামারী শুরুর প্রথম বছর ২০২০ এর জুলাই মাসেও এক দফা কোভিডে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে দুসপ্তাহ চিকিৎসা নিতে হয়েছিল ৭৯ বছর বয়সি এই অভিনেতাকে। শরীরের অবস্থা কতটা খারাপ হয়েছিল, সে কথা তিনি পরে নিজেই বলেছিলেন।

সিনে ম্যাগাজিন বলিউড হাঙ্গামা লিখেছে, এই সুপারস্টারের ফের কোভিড হওয়ার খবরে সোশাল মিডিয়ায় নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। সবার উৎকণ্ঠা কাটাতে অমিতাভ তার শরীরের খোঁজ খবর দিয়েছেন নিজের ব্লগে।

সেখানে তিনি লিখেছেন, কোভিডের এই সময়টায় তিনি আলাদাই থাকছেন। নিজের হাতে ঘরের সব কাজ করছেন। ফোন কল ধরছেন, ইমেইলের জবাবও দিচ্ছেন বেশ নিয়মিত।

“পুরোটা দিন অতীত বর্তমানের নিরন্তর স্মৃতিতে ভরা এখন। চলছে ভবিষ্যতেরও জন্যেও কিছু চিন্তাভাবনা। যা করছি, তা সাধারণ সময়ের ব্যস্ত দিনে কখনোই করা হয়ে ওঠে না।“

তিনি লিখেছেন, “নিজের বিছানা ঠিক রা, বাথরুম-টয়েলট সাফ করা, মেঝে পরিষ্কার করা, দরকারি প্ল্যাগ-সুইচ চালু রাখা। নিজের চা-কফি, জলখাবার বানানো, আলমারিতে পোশাক ভাঁজ করে রাখা চলছে। মোবাইলে সাড়া দেওয়া, চিঠির খসড়া তৈরি করা… নার্সের সহায়তা ছাড়াই ডাক্তারের প্রেসক্রিপশন মত ওষুধ খাওয়া…সব চলছে…।

অভিতাভ নিজেই প্রশ্ন করছেন নিজেকে, “এই কদিনের মধ্যে যা যা হচ্ছে, জীবন কি তাহলে এটাই? অন্যের উপর নির্ভরতা কমিয়ে দেওয়া- এটাও আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক অভিজ্ঞতা।“

মহামারীর নাজুক সময়ে ঘরে বসে কাজ করলেও সংক্রমণ কমে আসায় অন্যদের মত বিভিন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অমিতাভ।

সম্প্রতি সুরুজ বরজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ সিনেমার শুটিং করেন তিনি, যা মুক্তি পাবে ১১ নভেম্বর। এছাড়া বিকাশ বাহলের ‘গুডবাই’ সিনেমার শুটিংও সেরেছেন এর মধ্যে।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য রিটার্ন’ সিনেমার শুটিংয়ের শিডিউল ঠিক করা ছিল।‘প্রজেক্ট কে’ সিনেমাতেও কাজ করছেন অমিতাভ।

কৌন বনেগা ক্রোড়পতির চতুর্দশ সিজনের সঞ্চালনার কাজেও বেশ ব্যস্ততা ছিল বিগ বির। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার ব্রহ্মাস্ত্র। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমায় আরও আছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও মৌনি রায়।