৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ফারিণের ‘ফাতিমা’ এবার ওটিটিতে

'ফাতিমা' এক নারীর সংগ্রামের গল্প, যেখানে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

ফারিণের ‘ফাতিমা’ এবার ওটিটিতে
‘ফাতিমা’ সিনেমার দৃশ্য। ছবি: বঙ্গের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2025, 12:25 AM

Updated : 10 Sep 2026, 12:39 PM

গেল বছরের মে মাসে মুক্তি পাওয়া অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।  

বৃহস্পতিবার থেকে সিনেমাটি বঙ্গতে দেখতে পাচ্ছেন দর্শকরা।  

সিনেমার ট্রেইলার পোস্ট করে ফেইসবুকে বঙ্গ লিখেছে, "আমি যদি তোমার কথা শুনতাম, সব কিছু কি বদলে যেত?’ ফাতিমার প্রশ্নটা যেন আমাদের সবার। ‘ফাতিমা' আসছে ১৭ই এপ্রিল, শুধু বঙ্গতে!"  

সিনেমার পরিচালক ধ্রুব হাসান এর আগে গ্লিটজকে বলেছিলেন, "সিনেমাটি গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে সেটি হয়নি।"    

নির্মাতা বলেন, "দেরিতে হলেও এখন ওটিটির দর্শকরাও সিনেমাটি দেখতে পারবে, সেটি ভালো লাগার।"

'ফাতিমা' এক নারীর সংগ্রামের গল্প। পরিবার ছেড়ে ঢাকা শহরে একটি মেয়ের নতুন করে জীবন শুরু করার সংগ্রাম নিয়ে এগিয়ে গিয়েছে সিনেমার গল্প। একটি ভুল পদক্ষেপে জীবনের সব কিছু যে এলোমেলো হয়ে যেতে পারে সেই সতর্কতাও রয়েছে সিনেমায়।    

নানা প্রতিবন্ধকতা পার করে 'ফাতিমা' সিনেমাটি তৈরি শেষ করতে প্রায় আটবছর সময় লেগেছে নির্মাতার। গেল বছরের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

‘ফাতিমা’ সিনেমার ট্রেইলারের পোস্টার। ছবি: বঙ্গের ফেইসবুক থেকে নেওয়া।  

‘ফাতিমা’ সিনেমার ট্রেইলারের পোস্টার

নির্মাণের শুরুতে সিনেমার নাম ছিল 'দাহকাল'। কিন্তু গল্পের বিকাশের সাথে সঙ্গতি রেখে পরবর্তীতে এর নাম রাখা হয় 'ফাতিমা'।

গত বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় সিনেমাটি। এ সিনেমা দিয়েই চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন নাটকের অভিনয় শিল্পী ফারিণ।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন।

আরও পড়ুন:  

সব প্রত্যাশা 'মরে' গেছে 'ফাতিমা' নির্মাতার

ফারিণের 'ফাতিমা' মুক্তি পাচ্ছে দেশে

'ফাতিমা'র এক ঝলক

'ফাতিমা'র ফারিণ পুরস্কার জিতলেন ইরানে