বর্ষীয়ান ভারতীয় অভিনেতা বিজয় কৃষ্ণের মৃত্যু
‘দেবদাস’ সিনেমায় শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান বিজয় কৃষ্ণ।
না ফেরার দেশে চলে গেলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ, যিনি ‘দেবদাস’ সিনেমায় শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।
মঞ্চের শক্তিশালী ৮১ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে অভিনেতার পরিবার থেকে এখনো তার মৃত্যুর কারণ জানায়নি।
বিজয় কৃষ্ণের মৃত্যুতে ভারতীয় থিয়েটার এবং সিনেমা জগতে শোকের আবহ তৈরি হয়েছে।
অভিনেতার বন্ধু, সহকর্মী, শুভাক্ঙক্ষী অনেকেই সোশাল মিডিয়ায় শোক জানানোর পাশাপাশি নানা স্মৃতিচারণও করেছেন।
‘দেবদাস’, ‘গুজারিশ’ এ স্মরণীয় অভিনয়
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালি পারিচালিত প্রেমের উপাখ্যান ‘দেবদাস’ সিনেমায় শাহরুখ খানের বাবা নারায়ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান বিজয় কৃষ্ণ। অনেক ভক্ত এখনো তাকে মনে রেখেছে কঠোর এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন বাবা হিসেবে।
হৃত্বিক রোশান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘গুজারিশ’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিজয় কৃষ্ণ। এই সিনেমার পরিচালকও ছিলেন বানসালি।
বলিউডের বাইরে ভারতীয় থিয়েটার জগতে ব্যাপক পরিচিত ছিলেন এই অভিনেতা। মহেশ দাত্তানির একটি নাটকের ওপর ভিত্তি করে পামেলা রুকস পরিচালিত ‘ডান্স লাইক আ ম্যান’ এ তিনি অভিনয় করেছেন। মঞ্চের এই প্রযোজনায় তিনি ২৫ বছরের বেশি সময় জড়িয়ে ছিলেন।
মঞ্চ-চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজয় কৃষ্ণ দীর্ঘ সময় গোদরেজ গ্রুপের নির্বাহী পরিচালক ছিলেন। বয়সজনিত কারণে ২০২১ সালে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। পরিবেশ রক্ষা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি।
বর্ষীয়ান এই অভিনেতা স্ত্রী স্মিতা কৃষ্ণ এবং মেয়ে নিরিকা হোলকারকে রেখে গেছেন।
