০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দেশ চালাচ্ছেন ‘কিছু অশিক্ষিত রাজনীতিবিদ’: কাজল

সমালোচনা করেছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 12:15 PM

Updated : 09 Jul 2023, 12:15 PM

ভারতের রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা করে সোশাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন হিন্দি সিনেমার নায়িকা কাজল।

তার ভাষায়, কিছু ‘অশিক্ষিত’ রাজনীতিবিদ দেশ এবং রাজ্য চালাচ্ছেন, যাদের কোনো দূরদৃষ্টি নেই।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি অনলাইন পোর্টাল ‘দ্য কুইন্ট’কে দেওয়া এক সক্ষাৎকারে দেশ ও রাজনীতিবিদদের নিয়ে কাজল ওই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নারীর ক্ষমতায়ন নিয়ে বলছিলেন কাজল। তিনি বলেন, ভারতে পরিবর্তন ধীর গতিতে হচ্ছে। কারণ মানুষের মধ্যে প্রকৃত শিক্ষার অভাব রয়েছে এবং পুরাতন কিছু সংস্কারে জনজীবন আটকে আছে।

“আমি দুঃখিত যে আমাকে বলতে হচ্ছে যেসব রাজনৈতিক নেতাদের দেখা যায়, তাদের প্রকৃত শিক্ষা নেই। এমন অনেক নেতা দেশ চালাচ্ছেন যাদের কোনো সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও নেই। আমি মনে করি শিক্ষা মানুষের চোখ খুলে দেয়।“

সাক্ষাৎকারটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষেপেছেন ‘বাজিগর’ নায়িকার উপরে।

একজন লিখেছেন, “কাজলজি আপনি স্কুলছুট মানুষ। আপনার স্বামী অজয় দেবগন কি স্কুলের গণ্ডি পার করেছিলেন?”

“বলিউডে সবচেয়ে অশিক্ষিত অভিনেতারা রাজত্ব করছেন এবং এই ইন্ডাস্ট্রিতে বোকা বোকা কিছু সিনেমা তৈরি করাই তাদের কাজ,” মন্তব্য আরেকজনের।

কাজলের ছবি দিয়ে একজন লিখেছেন, “ও তাই নাকি! ইংরেজি বলতে পারা কখনও শিক্ষার পরিচয় নয়। আপনি কোন যুক্তিতে এ ধরনের মন্তব্য করলেন?

সমালোচনা করেছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও।

তোপের মুখে আরও একটি টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন কাজল।

তিনি বলেন, “আমি কেবল শিক্ষার গুরুত্ব কি সেটা বোঝাতে কথাগুলো বলেছি। রাজনৈতিক নেতাদের হেয় করা আমার উদ্দেশ্য নয় এবং কারো নামও উল্লেখ করিনি। কারণ অনেক মহান নেতাও আছেন, যারা দেশকে সঠিকপথে পরিচালিত করছেন।“

ক্যারিয়ারে ৩১ বছর পাড়ি দেওয়া কাজল বড় পর্দার চেয়েও এখন ব্যস্ত ওটিটি প্ল্যাটফর্মে। কাজলের বর্তমান কাজ ‘দ্য ট্রায়াল’, যা মুক্তি পাবে ১৪ জুলাই। সেখানে আইনজীবীর চরিত্র করেছেন তিনি। সিরিজটি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’ এর হিন্দি রিমেক।

এছাড়া আরও একটি ওয়েব ফিল্মে হাত দিয়েছেন কাজল। নেটফ্লিক্সে আগামীতে আসতে চলেছে ‘লাস্ট স্টোরিজ টু’। ২০১৮ সালে এ সিনেমার প্রথম পর্বে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হয়েছিলেন কাজল।

 

পুরনো খবর

কালোয় জমকালো কাজল

বাবার কোন কথাটি ঠিক বলছেন কাজল?

গেলেন কেন, ফিরলেনই বা কেন?

‘কঠিন সময়ে’ সোশাল মিডিয়া থেকে বিরতি নিলেন কাজল

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রিমেক চান না কাজল

ফর্সা হলেন কী করে, যে জবাব দিলেন কাজল

অজয়কে কেন জুতো মারতে চেয়েছিলেন কাজল?

যিশুকে চড় কষালেন কাজল