১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফর্সা হলেন কী করে, যে জবাব দিলেন কাজল

গায়ের রঙ বদলে যাওয়া নিয়ে কথা শুনতে হচ্ছিল এই অভিনেত্রীকে।

ফর্সা হলেন কী করে, যে জবাব দিলেন কাজল

বাজিগর সিনেমায় কাজল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 01:33 PM

Updated : 11 Feb 2023, 01:33 PM

বেখুদি দিয়ে আত্মপ্রকাশের পর বাজিগর পর্যন্ত কাজলকে এক রকম দেখাচ্ছিল, ফানাতে এসে দর্শক চোখে ধরা পড়ে, এই বলিউড তারকাকে আগের চেয়ে ফরসা দেখাচ্ছে।

এনিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তনুজাকন্যাকে; সেই সব প্রশ্ন এড়িয়ে গেলেও এবার জবাব দিলেন তিনি, তাও অভিনব পন্থায়।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন কাজল। সেখানে তার মুখজুড়ে কালো মাস্ক, তার উপর চশমা। ক্যাপশনে লেখা, ‘তাদের জন্য, যারা রোজ জিজ্ঞেস করে, কীভাবে এত ফরসা হলাম। এই ভাবে।“

ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ছবি দিয়ে হয়ত অভিনেত্রী বোঝাতে চাইছেন, এখন রোদ থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখতে পারছেন, তাই তার ত্বক সুরক্ষিত। আগে রোদের মধ্যেই বেপরোয়া হয়ে ঘুরতেন, তাই ত্বক কালো হয়ে গিয়েছিল।

তবে এই যুক্তিতে সামলোচনাকারীরা সন্তুষ্ট হয়েছেন কি না তা জানা যায়নি।

কাজলের পাশাপাশি তার মেয়ে নায়সা দেবগনের ত্বকের রঙ পরিবর্তন নিয়েও সোশাল মিডিয়ায় আলোচনা রয়েছে।

মাত্র ১৬ বছর বয়সে বলিউডে আসা কাজলের। সেই বেখুদি সিনেমাটির প্রযোজক ছিলেন বাবা সোমু মুখার্জি, পরিচালকও ছিলেন তিনি।

সিনেমা হিট না হলেও কাজলের অভিনয় ছিল প্রশংসিত। এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে বাজিগর সুপারহিট। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেও তো ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।

কাজল এরপর গুপ্ত, পেয়ার কিয়া তো ডরনা কেয়া, পেয়ার তো হোনাহি থা, দুশমন, কুছ কুছ হোতা হ্যায়, হাম আপকে দিলমে রেহেতে হে, কাভি খুশি কাভি গাম এর মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।

ওই সিনেমাগুলোর সময় কাজলের শ্যামবর্ণেই মেতেছিল দর্শক। তাকে ফরসা যে সিনেমায় দেখা যায়, সেই ফানা মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।

Image

এখন কাজলকে দেখায় এমন

এরপর ২০১৫ সালে দিলওয়ালে সিনেমায় আরও ফর্সা কাজলকে দেখে গুঞ্জন ওঠে, প্লাস্টিক সার্জারি করে গায়ের রং পাল্টেছেন অভিনেত্রী।

এসব বিতর্ক ও আলোচনার মধ্যে কাজল কখনওই নিজেকে জড়াননি। তবে এত বছর পর এসে এ প্রশ্নের জবাব দিলেন তিনি।

অজয় দেবগনপত্নী কাজল সবশেষ অভিনয় করেছেন রেবতি নির্মিত ‘সালাম ভেঙ্কি’ সিনেমায়। গত বছর মুক্তি পাওয়া ওই সিনেমায় ক্যামিও চরিত্রে ছিলেন তার ফানার সহঅভিনেতা আমির খান।