উত্তরায় চিরনিদ্রায় অভিনেতা জাভেদ
মারণব্যধি ক্যান্সারের কাছে হার মেনে বুধবার চলে যান অভিনেতা জাভেদ।
রাজধানীর উত্তরার একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদকে।
বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এই অভিনেতাকে দাফন করা হয় বলে জানিয়েছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমান।
তিনি গ্লিটজকে বলেন, “জাভেদ ভাইয়ের প্রথম জানাজা হয় এফডিসিতে, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি মসজিদে দ্বিতীয় জানাজা হয়, পরে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে সমাহিত করা হয়েছে।”
মারণব্যধি ক্যান্সারের কাছে হার মেনে বুধবার চলে যান অভিনেতা জাভেদ।
বুধবার সকালে গ্লিটজকে ইলিয়াস জাভেদের মৃত্যুর খবর নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর।
তিনি বলেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। হাসপাতাল ও বাসায় যাওয়া-আসার মধ্যে ছিলেন। বাসাতেই নার্স রেখে চিকিৎসা চলছিল, সকালে অবস্থা খারাপ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন। খবরটি শুনে ভাবিকে (অভিনেত্রী ডলি চৌধুরী) কল করি, ভাবি কাঁদতে কাঁদতে বলেছেন, ‘তোমার ভাই তো আর নাই। হাসপাতালে যাচ্ছি আমরা’।”
মিশা বলেছেন, ক্যান্সারে আক্রান্ত অভিনেতার আগে একবার স্ট্রোকও হয়েছিল। ২০২০ সাল থেকেই অসুস্থ ছিলেন এই অভিনেতা।
ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। তার চলচ্চিত্রে প্রথম নৃত্য পরিচালনা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’ এ।
তারপর উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি ১৯৬৪ সালে মুক্তি পায়। তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সিনেমায় তার তার অভিনয় ছিল নিয়মিত।
জাভেদের নৃত্য পরিচালনায় চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে অভিনেত্রী শাবানার বাবা ফয়েজ চৌধুরী পরিচালিত ‘মালকা বানু’ সিনেমার সুপারহিট গান ‘মালকা বানুর দেশেরে’, তারপর ‘মনের এ ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে’, ‘চাকভূম চাকভূম চাঁদনী রাতে’সহ আরও কয়েকটি।
জাভেদ অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’ সহ আরও কিছু।
আফগানিস্তানের পেশোয়ারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। পরে সেখান থেকে পাঞ্জাবে আসে তার পরিবার। ১৯৬৩ সালে বাংলাদেশে আসেন তারা।
আরও পড়ুন:
