সোহেল রানা, শাকিব খানের স্মৃতিতে অভিনেতা জাভেদ
জাভেদের মৃত্যুতে শোক প্রকাশ করে সোহেল রানা গ্লিটজকে বলেন,"আমি তো নিজেও অসুস্থ, তার মৃত্যুর খবরটা শুনে খুব কষ্ট পেলাম।"
চলচ্চিত্রের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদের প্রস্থানে ‘ভেঙে পড়েছেন’ অভিনেতা ও প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা।
মারণব্যধি ক্যান্সারের কাছে হার মেনে বুধবার চলে যান অভিনেতা জাভেদ। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সোহেল রানা গ্লিটজকে বলেন, "আমি তো নিজেও অসুস্থ, তার মৃত্যুর খবরটা শুনে খুব কষ্ট পেলাম।"
এক সময়ের সহশিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করে এই অভিনেতা বলেন, “জাভেদ খুব ভালো মানুষ ছিল, আমার অনেক সিনেমায় সে কাজ করেছে। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। আমার অনেক সিনেমাতে কাজ করেছে। আমি তাকে ছাড়া সেসময় অন্য কাউকে চিন্তা করতে পারতাম না।"
সোহেল রানার কথায়, ভিনদেশে জন্ম হলেও বাংলাদেশের মানুষের ভালোবাসা আঁকড়ে ধরে এই দেশে থেকে গিয়েছিলেন অভিনেতা জাভেদ।
"জাভেদ বাংলাদেশের মানুষ ছিল না, ও ছিল পাকিস্তানের। বাংলাদেশে স্বাধীনতার পরে বাংলাদেশ ছেড়ে যায়নি, বাংলাদেশের মানুষকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছিল। তার মধ্যে দেশের প্রতি ভালোবাসা ছিল। গত ২০ থেকে ৩০ বছর ধরে বাংলাদেশের যত নৃত্য পরিচালক তৈরি হয়েছে তাদের সবার ওস্তাদ জাভেদ। তাকে আসলে আমাদের চলচ্চিত্রে মনে রাখা উচিত।"
দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি সোহেল রানা ও জাভেদের। সেই আক্ষেপ ঝরেছে সোহেল রানার কথায়।
তিনি বলেন, "আমি নিজেও অসুস্থ ছিলাম তো সেজন্য জাভেদের বাসায় যাওয়া হয়নি। আমাদের দীর্ঘদিন দেখা হয়নি, মাঝে মধ্যে ফোনে কথা হত। তাকে হারিয়ে ফেলা আমার জন্য কষ্টের।"
প্রিয় শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রের অনেক তারকাই।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ফেইসবুকে এক পোস্টে শোক প্রকাশ করে লিখেছেন, “চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।”
শরীরিকভাবে পৃথিবী থেকে বিদায় নিলেও জাভেদ তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন শাকিব।
তিনি লিখেছেন, “তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
অভিনেত্রী রুমান ইসলাম মুক্তি লিখেছেন, "বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, নৃত্য পরিচালক এবং বাংলাদেশ শিল্পী সমিতির আজীবন সদস্য ইলিয়াস জাভেদ মামা আজ সকালে মৃত্যুবরণ করেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। 'নিশান' সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এবং আরও অনেক সুপার হিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন।"
বুধবার সকালে গ্লিটজকে ইলিয়াস জাভেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর।
তিনি বলেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। হাসপাতাল ও বাসায় যাওয়া আসার মধ্যেই ছিলেন। বাসাতেই নার্স রেখে চিকিৎসা চলছিল, সকালে অবস্থা খারাপ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন। খবরটি শুনে ভাবীকে (অভিনেত্রী ডলি চৌধুরী) কল করি, ভাবী কাঁদতে কাঁদতে বলছেন, ‘তোমার ভাই তো আর নাই। হাসপাতালে যাচ্ছি আমরা’।”
মিশা জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত অভিনেতার আগে একবার স্ট্রোকও হয়েছিল। ২০২০ সাল থেকেই অসুস্থ ছিলেন এই অভিনেতা।
ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। তার চলচ্চিত্রে প্রথম নৃত্য পরিচালনা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’ এ।
তারপর উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি ১৯৬৪ সালে মুক্তি পায়। তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সিনেমায় তার তার অভিনয় ছিল নিয়মিত।
জাভেদের নৃত্য পরিচালনায় চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে অভিনেত্রী শাবানার বাবা ফয়েজ চৌধুরী পরিচালিত ‘মালকা বানু’ সিনেমার সুপারহিট গান ‘মালকা বানুর দেশেরে’, তারপর ‘মনের এ ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে’, ‘চাকভূম চাকভূম চাঁদনী রাতে’সহ আরও কয়েকটি।
জাভেদ অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’ সহ আরও কিছু।
আফগানিস্তানের পেশোয়ারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। পরে সেখান থেকে পাঞ্জাবে আসে তার পরিবার। ১৯৬৩ সালে পাঞ্জাবে ছেড়ে বাংলাদেশে আসেন তারা।
আরও পড়ুন:
