১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিজয়নগরের হীরের খোঁজে’ মারকাটারি অ্যাকশনে কাকাবাবু

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 05:39 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

নতুন অভিযানে ঝাঁপিয়ে পড়লেন ‘রাজা রায়চৌধুরী’, যিনি পরিচিত কাকাবাবু নামে। এবার ‘বিজয়নগরের হীরে’র সন্ধানে নেমেছেন কাকাবাবু চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

আগেভাগেই জানা গিয়েছিল যে, বড়দিনের একগুচ্ছ সিনেমা মুক্তির ভিড়ে ‘কাকাবাবুর’ এবার আসতে একটু দেরি হবে। তবে সিনেমার প্রযোজক-পরিচালকরা হতাশ করেননি কাকাবাবুর ভক্ত অনুরাগীদের। কদিন আগে প্রকাশ্যে এসেছে ‘বিজয়নগরের হীরে’র ঝলক। যেখানে ক্রাচ হাতে মারকাটারি অ্যাকশনে পাওয়া গেছে পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎকে।

ঝলকে দেখা গেছে, কাকাবাবু এবার সদলবলে হাম্পি গিয়েছেন। সেখানে কীভাবে ‘বিজয়নগরের হীরে’র রহস্য ফাঁস করবেন তিনি? 

সেই গল্পই পর্দায় তুলে ধরেছেন পরিচালক। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। 

সন্তুর ভূমিকায় অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক। সন্তু ছাড়াও অভিযানে কাকাবাবুর সঙ্গী হয়েছেন জোজো, রিঙ্কু এবং রঞ্জনা।

সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে আগামী বছরের ২৩ জানুয়ারি। এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই সিনেমা। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। 

কাকাবাবুকে দুই মলাট থেকে প্রথম পর্দায় আনেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ২০১৩ সালে ২০১৩ সালে তিনি উপহার দিয়েছিলেন ‘মিশর রহস্য’। 

তার পর ২০১৭ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’, সৃজিতের হাত ধরেই। শেষবার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবারের প্রেক্ষাপট ‘বিজয়নগরের হিরে’।

তবে এবার পাল্টে গেছে পরিচালক। ‘বিজয়নগরের হীরের খোঁজে’ পরিচালনা করেছেন চন্দ্রাশীষ রায়।