২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের লড়াই এবার তারকাবিহীন, কারণ কী?

“বিশেষ কিছু চিন্তাভাবনা করে দল মনোনয়ন দেয়। তাই তারকাদের প্রার্থী না হওয়া স্বাভাবিক ঘটনা, অন্য কিছু নয়,” বলেন বিএনপি নেতা সেলিমা রহমান।

নির্বাচনের লড়াই এবার তারকাবিহীন, কারণ কী?
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে তারকারা।

নিফাত সুলতানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 12:47 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

বিনোদন জগতের অনেকেই ছিলেন গত নির্বাচনের মাঠে, কেউ কেউ যান সংসদেও। তবে এবারের চিত্রটা উল্টো।

আওয়ামী লীগ সরকারের পতনের পর হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে অভিনয় জগতের চেয়ে সংগীতাঙ্গনের তারকারাই মনোনয়নপ্রত্যাশী ছিলেন বেশি। তবে শেষ পর্যন্ত কেউই দলের টিকেট পাননি।

রাজনৈতিক নেতা ও মনোনয়নপ্রত্যাশী শিল্পীরা বলছেন, শুধু জনপ্রিয়তা নয়, বরং মাঠপর্যায়ের রাজনীতি, সাংগঠনিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের কর্মী সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করেছে বিএনপি। ক্ষমতার পালাবদলে পরিবর্তিত পরিস্থিতিতে হওয়া এ নির্বাচনের মাঠ বিশ্লেষণ করে আগ্রহও পাননি অনেকে।

এবারের নির্বাচনে সংগীতশিল্পী বেবী নাজনীন নীলফামারী–৪ আসনে, রুমানা মোর্শেদ কনকচাঁপা সিরাজগঞ্জ–১ আসনে, সংগীতশিল্পী মনির খান ঝিনাইদহ–৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, হেলাল খান ও শিবা সানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন এমন খবরও উঠেছিল। তবে চূড়ান্ত মনোনয়ন পাননি কোনো শিল্পীই।

‘সতর্ক’ বিএনপির ‘অগ্রাধিকার’ মাঠের কর্মী

মনোনয়নপ্রত্যাশী বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলেছে গ্লিটজ।

মনোনয়ন না পাওয়ার বিষয়টি কীভাবে দেখছেন- এমন প্রশ্নে ব্যস্ততা কিংবা শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে মন্তব্য করতে আগ্রহ দেখাননি অনেকেই।

তবে ‘অতীত অভিজ্ঞতার কথা বিবেচনা করে’ এবার তারকারা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ থেকে বিরত ছিলেন বলে মনে করেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

তিনি বলেন, “রাজনীতি একটি দীর্ঘ ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া, যেখানে টেকসইভাবে প্রতিষ্ঠিত হতে হলে ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততা প্রয়োজন। জনপ্রিয়তা বা সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা অতীতে খুব ইতিবাচক ফল বয়ে আনেনি।

“আমাদের দেশে সচরাচর যেটা আমরা দেখেছি জনপ্রিয় কিংবা ভালো ইমেজ আছে সেটা বিভিন্ন ক্ষেত্রে যেমন সংগীতের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, কবি-সাহিত্যিক বিভিন্ন ক্ষেত্রে তারা নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়ে প্রার্থী হয়ে যান। কোথাও কোনো সম্পৃক্ত না থেকে এই সিদ্ধান্ত ভালো ফলাফল দিচ্ছে না বা পরবর্তীতে তাদের ভাগ্যে যে ধরনের ঘটনা ঘটেছে সেটা আমজনতা দেখেছে, এটা কারো কাম্য নয়।”

উজ্জ্বলের ভাষ্য, “যারা সরাসরি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত নন, তারা এবারের নির্বাচনে আগ্রহ না দেখিয়ে বুদ্ধিসম্মত সিদ্ধান্তই নিয়েছেন।”

আগ্রহী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের সতর্কতা ছিল বলেও মনে করেন এ অভিনেতা।

তিনি বলেন, “১৭ বছর পর স্বাভাবিক প্রক্রিয়ায় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বিএনপি স্বাভাবিকভাবেই দীর্ঘদিন মাঠে থাকা রাজনৈতিক কর্মী ও অ্যাক্টিভিস্টদের অগ্রাধিকার দিয়েছে।

“যারা ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করেছেন, দীর্ঘ পথ অতিক্রম করে রাজনীতি করেছেন, রাজনীতির বিভিন্ন ত্যাগে যারা আছেন, সেই সমস্ত বিষয়গুলো বিচার করে এবারের মনোনয়ন দেওয়া হয়েছে।”

নির্বাচনের প্রতি নিজে আগ্রহ না দেখানোর কারণ তুলে ধরে তিনি বলেন, চলচ্চিত্র ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিজের পরিচয়কে হঠাৎ করে ‘বিতর্কিত’ করতে চাননি তিনি।

এবার মনোনয়ন না পেলেও বিএনপির নির্বাচনি সভা-সমাবেশ বা গণসংযোগের কাজে নেমেছেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, শিমলা, শাহেদ শরীফ খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীন, শওকত আলী ইমন, হুমায়রা সুবাহসহ অনেককে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী বলেন, “মনোনয়ন না পেলেও আমরা দলের কর্মসূচি থেকে সরে যাইনি। সভা-সমাবেশ, গণসংযোগ যেখানে প্রয়োজন, সেখানেই যাচ্ছি। দল হয়ত মনে করেছে আমার থেকে সক্রিয় কর্মী আছে, তারা মনোনয়নের যোগ্য। তাই তাদেরকেই মনোনয়ন দিয়েছে।”

অভিনেত্রী রিনা খান অবশ্য এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা বলেছেন। নির্বাচনে প্রচারে নেমে সাংবাদিকদের তিনি বলেন, “দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।”

তারকাদের মনোনয়ন পাওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “আমাদের দলে প্রার্থী হিসেবে তো শুধু কনকচাঁপা, আর বেবি নাজনীন ছিলেন। মনির খান তো মাঝখানে দল থেকে বের হয়ে গিয়েছিলেন। এবারের তালিকা খুব দীর্ঘ ছিল না।

“তারকাদের ক্ষেত্রে যেটা হয়েছে, সবাই ৫ অগাস্টের পরে সক্রিয় হয়েছেন। তাই মনোনয়ন তো চাইলেই হয় না, এতে অনেক কিছু ব্যাকআপ থাকতে হয়, সমর্থনকারীদের সাপোর্ট থাকতে হয়।

“বিশেষ কিছু চিন্তাভাবনা করে দল মনোনয়ন দেয়। তাই তারকাদের প্রার্থী না হওয়া স্বাভাবিক ঘটনা, অন্য কিছু নয়।”

রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, তারকাদের কেউ কেউ রাজনীতিতে সক্রিয় না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ আবার নিজের অবস্থান থেকে বিতর্ক এড়িয়ে চলতে চাইছেন। কেউ আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনীতির মাঠে নামা শিল্পীদের অভিজ্ঞতা দেখে আস্থা হারিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মাহমুদ সাহান বলেন, “আমি মনে করি এটি একটি ইতিবাচক পরিবর্তন। আগামী সংসদকে অল্প সময়ের মধ্যে অনেক জটিল সাংবিধানিক ও নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। দেশ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে, আর এসব পরিস্থিতি সামাল দিতে অভিজ্ঞতা ও স্থির নেতৃত্বের প্রয়োজন।

“শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমের তারকাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, নীতিনির্ধারক হিসেবে তারা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন এ বিষয়ে আমার সংশয় আছে। রাজনৈতিক দলের দৃষ্টিকোণের এই পরিবর্তনকে স্বাগত জানানো উচিত।”

দুই দশকে তারকাদের সংসদযাত্রা

বাংলাদেশের রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার জোয়ার শুরু হয় ২০০১ সালের নির্বাচনে।

সেবার নীলফামারী-২ আসন থেকে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন অভিনেতা আসাদুজ্জামান নূর। এরপর ২০০৮ সাল, ২০১৪ সাল, ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা একই আসন থেকে জয়ী হন তিনি। এর মধ্যে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন এ অভিনেতা।  

এ ছাড়া নবম সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হয়েছিলেন সারাহ বেগম কবরী। সেবার সংরক্ষিত নারী আসনে সংসদে যান শিল্পী মমতাজ। এরপর ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মমতাজ। হেরে যান ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

২০০৯ সালে অভিনেত্রী তারানা হালিম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হয়েছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় সংসদে যান।

২০১৮ সালে একাদশ আসরে চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক ঢাকা-১৭ আসনে এমপি নির্বাচিত হন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রথমবার সংসদে যান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

২০২৪ সালের নির্বাচনে বিনোদন অঙ্গনের অনেক তারকা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনএম আবার কেউবা স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচনে লড়েন।

অভিনেত্রী মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। সংগীতশিল্পী ডলি সায়ন্তনী পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

বরিশাল-২ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন শিল্পী নকুল কুমার বিশ্বাস।