গানে ফিরলেন সাব্বির নাসির, এল ‘আমি যারে ভালোবাসি’
চলতি মাসের শুরুতে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে প্রচার হয়েছে গানটি।
দুই বছরের বিরতির পর 'আমি যারে ভালোবাসি' শিরোনামের নতুন গান নিয়ে ফিরলেন সংগীতশিল্পী সাব্বির নাসির।
সাব্বির নাসিরের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে প্রচার হয়েছে গানটি।
'আমি যারে ভালোবাসি' গানের কথা ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজনে ছিলেন বিবেক মজুমদার। রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন সালমান জেইম।
গানের ভিডিও নির্মাণে ছিলেন আজম বাবু ও রিপন নাগ।
গানটি নিয়ে সাব্বির নাসির বলেন, “দুই বছরেরও বেশি সময় পর একটি গান প্রকাশ হল। গানটি আমার কাছে নিয়ে আসে জিসান খান শুভ। গানটি নিয়ে এসে শুভ বলে আমার জন্যই গানটি বানিয়েছে সে। আমি চেষ্টা করেছি হৃদয় দিয়ে গাওয়ার।”
গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতার ভালোবাসা পাচ্ছেন নাসির।
"গানটি প্রকাশের পর দর্শক, শ্রোতারা বেশ পছন্দ করেছেন। আজম বাবু ভাই গানের সঙ্গে অ্যানিমেশন ভিডিও যুক্ত করেছেন, যা দর্শকের প্রশংসা পাচ্ছে। সব মিলিয়ে দর্শকের এমন ভালোবাসা পাওয়া যাবে সেটা আশা করিনি।"
বিরতির কারণ জানিয়ে নাসির বলেন, “আমার খুব কাছের মানুষ গীতিকার ওমর ফারুক বিশালের অকাল মৃত্যু আমাকে মানসিকভাবে ভেঙে দেয়। তার পর থেকেই গানের প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।”
এর আগে বেশ কয়েকটি একক গানে কণ্ঠ দেন নাসির। তার কণ্ঠে ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটি শ্রোতাদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছিল।
এছাড়াও ‘নাইয়া’, 'টান', 'বিনোদিনী রাই', 'ধন্য ধন্য', 'তুমি দমে দম', ‘আমি করি তোমার আশা’, 'পোকা', 'হর্ষ', 'শশীকান্ত ধর', 'মন আমার কান্দে', 'মনের ব্যাথা'সহ অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন নাসির।
