২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

একুশের গল্পে দিলারা জামানের ‘ভুলিনি সেদিন’

শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘ভুলিনি সেদিন’ নাটকটি।

একুশের গল্পে দিলারা জামানের ‘ভুলিনি সেদিন’
‘ভুলিনি সেদিন’ নাটকের দৃশ্যে অভিনেত্রী দিলারা জামান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 11:44 AM

Updated : 26 Aug 2026, 11:46 AM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে একুশের ইতিহাস নিয়ে বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে দেখান হবে নাটক ‘ভুলিনি সেদিন’।  

বিটিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একক নাটক হিসেবে শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে ‘ভুলিনি সেদিন’ প্রচার হবে।

রবিউল আলমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান।  

অভিনয়ে আরও আছেন তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহিসহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, মিশা নামের এক তরুণী বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকেন। বছরে দুই একবার দেশে আসার পর চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়েই তার সময় কেটে যায়।

এবার মিশা দেশে এসেছে ফেব্রুয়ারি মাসে। আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখেই ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে সে। এ দিবসকে ঘিরে কী কী করা যায় তা নিয়ে চাচাতো ভাইবোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করেন মিশা। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এতো উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমত জানে না।

একুশের ইতিহাস জানার পাশাপাশি দাদিমাকে নিয়ে মাতৃভাষা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি কাটান মিশা। এমনই গল্পে দেখা যাবে  ‘ভুলিনি সেদিন’ নাটক।