২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ দেশের সিনেমা নিয়ে লন্ডনে রেইনবো উৎসব, প্রথম দিন ‘আগন্তুক’

‘আগন্তুক’ ছাড়াও বাংলাদেশের আরও পাঁচটি সিনেমা উৎসবে দেখানো হবে।

দশ দেশের সিনেমা নিয়ে লন্ডনে রেইনবো উৎসব, প্রথম দিন ‘আগন্তুক’
‘আগন্তুক’ সিনেমার দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 01:06 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

শুরু হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭ তম আসর। দেশ ও বিদেশের সিনেমা নিয়ে উৎসবটি হবে পূর্ব লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে। 

সাতদিনব্যাপী এই উৎসব শুরু হবে আগামী ১৭ মে, শেষ হবে ২৩ মে।   

উৎসবটি নিয়ে রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমাদ মুজতবা জামাল গ্লিটজকে বলেন, এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং ইরানসহ মোট ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।  

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’; আর ভারতের চলচ্চিত্র ‘স্বার্থপর’ প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।  

‘আগন্তুক’ ছাড়াও বাংলাদেশের আরও পাঁচটি সিনেমা সেখানে দেখানো হবে। সেগুলো হল ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’।   

মুজতবা জামাল বলেন, “অনেকদিন ধরেই এ উৎসবটি আয়োজিত হচ্ছে। আশা করছি এবারও সফল হবে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে আহ্বান জানাবো, উৎসবটিকে সফল করতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে। তাহলে দেশের চলচ্চিত্রগুলা যেমন উৎসাহিত হবে, উৎসবটিও সফল হবে।”

উৎসবে অংশ নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ‘নয়া মানুষ’ সিনেমার নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র যখন কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তখন একজন চলচ্চিত্র কর্মী হিসেবে গর্ব করি।" 

আন্তর্জাতিক অঙ্গনের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অফ লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’ প্রদর্শিত হবে। 

এ ছাড়াও তালিকায় রয়েছে ফিলিপাইনের ‘রেপুব্লিকা এনজি পিলিপিলিপিনাস’ এবং তাজাকিস্তানের ‘মোহি দার’ সহ আরও কিছু সিনেমা।