১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রল নিয়ে যা বললেন অনুপমের হবু স্ত্রী

প্রস্মিতা বলেন, “আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপরে প্রভাব ফেলতে পারবে না।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 02:10 PM

Updated : 27 Feb 2024, 02:10 PM

নতুন কোনো গান বা সিনেমার কথা, বিয়ে বা বাগদানের খবর অথবা কোনো সাধারণ ছবিকে ঘিরেও সোশাল মিডিয়ায় সমালোচনা আর বিদ্রুপের ঝড় এখন যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর তারকা বা বিনোদন জগতের পরিচিত মুখরা এর শিকার হন বেশি।  

এ ধরনের সমালোচনা বা ট্রলের মুখোমুখি হতে ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে জানিয়েছেন কলকাতার সংগীত শিল্পী অনুপম রায়ের হবু স্ত্রী প্রস্মিতা পাল।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে এ গায়িকা বলেন, “আমি জানি এবং তার জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনও কিছু আমাদের ওপরে প্রভাব ফেলতে পারবে না।”

সোমবার থেকে অনুপম ও প্রস্মিতার ছাদনাতলার দাঁড়ানোর পরিকল্পনার খবর সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় বড় জায়গা নিয়েছে। আগামী ২ মার্চ গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করবেন বলে জানিয়েছেন অনুপম।

বিয়েতে বড়সর আয়োজন চাইছেন না গায়ক। দুই পরিবারের সদস্য এবং কাছের আত্মীয়দের নিয়েই কেবল সই সাবুদ করে আইনি প্রক্রিয়ায় বিয়ে করবেন তারা।

প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। তখন থেকে তাদের আলাপ।

বিয়ের সিদ্ধান্ত কবে নিয়েছেন জানতে চাইলে প্রস্মিতা বলেছেন, গত এক বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন।

“সম্পর্ক কিছুদিন গড়ানোর পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিই।“

প্রস্মিতা বলেন, “নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভালো থাকলে আমরা ভালোই থাকব।“

ভালো কিছু হবে বলে প্রত্যাশা রেখেছেন অনুপমও।

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। ২০২১ সালে সেই সংসার ভেঙে যায়। সে সময়ে সোশাল মিডিয়ায় তারা যৌথভাবেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

গত বছরের নভেম্বরে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার বিয়ের খবর এলে সোশাল মিডিয়াসহ ঢাকা-কলকাতার সংবাদমাধ্যমে অনুপমের নামটি আসে বারবার। সে সময় রীতিমত ট্রলের শিকার হন অনুপম।

এদিকে অনুপম-প্রস্মিতার জন্য শুভকামনা জানিয়েছেন পিয়া। আনন্দবাজারকে পিয়া বলেন, “তাদের বিয়ের কথা জানার পর নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি। বিয়ের দিনতারিখও আগে থেকে জানি।’’

আরো পড়ুন

পুরানো খবর:

অনুপমের হবু কনেকে কজন চেনেন?

পুরানো খবর:

পরমব্রত-পিয়ার বিয়ে, অনুপমের মন খারাপের গান