১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নৃত্যযোগের সেমিনারে নতুন চিন্তার উন্মেষ ঘটানোর তাগিদ

ভিন্নধর্মী শিল্পযাত্রার অভিজ্ঞতার আলোকে তারা বাংলাদেশে সমসাময়িক নৃত্যের অবস্থা, সাফল্য এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

নৃত্যযোগের সেমিনারে নতুন চিন্তার উন্মেষ ঘটানোর তাগিদ
আসিফ মোসাদ্দেকের সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

বাংলাদেশে সমসাময়িক নৃত্য নিয়ে সেমিনার আয়োজন করেছে ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স-এর বাংলাদেশ চ্যাপ্টার 'নৃত্যযোগ’।

বুধবার ঢাকার ‘গুটে-ইনস্টিটিউট’ মিলনায়তনে ‘সমসাময়িক নৃত্য: ধারণা ও সম্ভাবনা’ শিরোনামে এই সেমিনারে বক্তব্য দেন নৃত্যশিক্ষক ও পারফর্মার–অমিত চৌধুরী ও জুয়াইরিয়াহ মৌলি।

ভিন্নধর্মী শিল্পযাত্রার অভিজ্ঞতার আলোকে তারা বাংলাদেশে সমসাময়িক নৃত্যের অবস্থা, সাফল্য এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক অমিত চৌধুরী বলেন, “সমসাময়িক নৃত্য হচ্ছে একটা চিন্তা; যে চিন্তা সমাজের কথা বলে, মানুষের কথা বলে, পরিবর্তনের কথা বলে। পরিবর্তনটা হচ্ছে নতুনের কথা বলা। এর জন্য প্রাণশক্তি থাকতে হয়, উদ্দীপনা থাকতে হয়। নতুন চিন্তার উন্মেষ ঘটাতে হয়।'

আসিফ মোসাদ্দেকের সৌজন্যে

আসিফ মোসাদ্দেকের সৌজন্যে

“আমাদের এখানে সমসাময়িক নৃত্য নিয়ে একটা ধারণা আছে, যে এটা পাশ্চাত্যের আর্ট ফর্ম। এটা এক ধরনের ভ্রান্ত ধারণা।”

নৃত্যশিল্পী জুয়াইরিয়াহ মৌলি বলেন, “আমাদেরকে নিজস্বতা নিয়ে সমসাময়িক নৃত্যের বিকাশ করতে হবে। এর জন্য যথাযথ প্রশিক্ষণ অবশ্যই দরকার। আমাদের যে নিজস্ব নৃত্যধারা, সেগুলো নিয়েই আমাদের নৃত্যের নিজস্ব ভাষা তৈরি করতে হবে। এর জন্য আমাদের নিজস্ব নৃত্যধারাটা ভালোমতো শিখতে হবে।”

সেমিনার সঞ্চালনা করেন নৃত্যশিল্পী আনন্দিতা খান। ৩৫ জন নিবন্ধিত অংশগ্রহণকারী সেমিনারে উপস্থিত ছিলেন। 

নৃত্যযোগের সাধারণ সম্পাদক তাবাসসুম আহমেদ এবং নির্বাহী সদস্য সৈয়দা সায়লা আহমেদ লিমাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।