ফিল্ম ফেয়ারে এবার সেরা রণবীর সিং ও কৃতি স্যানন
‘৮৩’তে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতলেন রণবীর। কৃতি স্যাননের পুরস্কার এসেছে ‘মিমি’ সিনেমার জন্য।
৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন রণবীর সিং ও কৃতি স্যানন।
ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে নির্মিত সিনেমা ‘৮৩’তে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতলেন রণবীর। কৃতি স্যাননের পুরস্কার এসেছে ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ নির্বাচন করে মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশনে মঙ্গলবার রাতে পুরস্কার বিতরণের জমকালো অনুষ্ঠানটি হয় বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর ফিল্মফেয়ার ম্যাগাজিনের দেওয়া এই পুরস্কারকেই বলিউডে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী কৃতি স্যানন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “সেরা হিসেবে মনোনীত হওয়ার পর আমি নিজেকে অভিনয়শিল্পী ভাবতে শুরু করেছি এবং এই মুহূর্তটির জন্য আমি অপেক্ষা করছি ৮ বছর ধরে। আমি খুব উচ্ছ্বসিত এই অর্জনে।”
পাঠক রায়ে সেরা অভিনেত্রীর পুরস্কার কুতি স্যানন জিতলেও সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন বিদ্যা বালন, শেরনি সিনেমায় অভিনয়ের জন্য।
সমালোচকদের চোখে সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন ভিকি কুশাল, সর্দার উধাম এ অভিনয়ের জন্য।
সর্দার উধাম সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছে। তবে পাঠক রায়ে সেরার পুরস্কারটি গেছে শেরশাহ’র ঝুলিতে। শেরশাহ’র পরিচালক বিষ্ণুবর্ধন সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
মোট সাতটি পুরস্কার জিতে নিয়েছে শেরশাহ। তার মধ্যে সেরা সঙ্গীত, সেরা গায়ক মহিলা, সেরা অ্যাকশন ও সেরা সম্পাদনার পুরস্কার রয়েছে। সর্দার উধামও জিতেছে একাধিক পুরস্কার।
এবারের অনুষ্ঠানে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, রণবীর সিং, অর্জুন কাপুর, মালাইকা অরোরাসহ তারকাদের উপস্থিতি ছিল।
