লালবাগের রহস্য ও প্রেমের নাটক ‘শায়েস্তা খাঁ’র পরী’, আসছে মঞ্চে
রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
মেঘদূত নাট্য সম্প্রদায় মঞ্চে নিয়ে আসছে তাদের নতুন প্রযোজনা ‘শায়েস্তা খাঁ’র পরী’।
বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে এটি তাদের ২১তম প্রযোজনা; রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
নাটকটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক ইসমাইল হোসেনের উপন্যাস অবলম্বনে। উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন আবু সাঈদ তুলু।
ফিকশন ঘরানার এই নাটকটি লালবাগ কেল্লাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক রহস্যময় প্রেমকাহিনী ও তাৎকালীন রাজনৈতিক সংঘাতের গল্প তুলে ধরবে।
শায়েস্তা খাঁর শাসনামল, জলদস্যু ও ঔপনিবেশিক শক্তির আগ্রাসন, নিম্নবর্গীয় মানুষের লড়াই, সব মিলিয়ে ইতিহাসের এক অদেখা স্তর উন্মোচনের প্রয়াস রয়েছে নাটকটিতে।
নাটকটি নিয়ে আবু সাঈদ তুলু বলেন, “ইতিহাস যা ঘটেছে তা বলে, আর সাহিত্য বলে যা ঘটতে পারত। এই নাটক সেই অনুল্লিখিত ইতিহাসের শিল্পসত্য অনুসন্ধানের এক প্রয়াস আমাদের।”
ঔপন্যাসিক ইসমাইল হোসেন বলেন, “ইতিহাসে নির্মম পাটু ও পরীদের মত চরিত্রদের কোনো স্থান নেই। তাই তারা আমার উপন্যাসে আশ্রয় নিয়েছে। এটি শুধু একটি নাটক নয়, এটি ইতিহাস, প্রেম, কিংবদন্তি ও মানুষের লড়াইয়ের এক মেলবন্ধন। একটি কেল্লা, একজন শাসক, এক হারানো প্রেম ও ইতিহাসের অদেখা স্তর- এই চার সূত্রেই গড়ে উঠেছে এক নাট্যমুহূর্ত, যা দর্শকের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।"
নাটকটির নির্দেশনায় রয়েছেন তরুণ নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়; যিনি প্রযোজনাটিতে যুক্ত করেছেন আধুনিক মঞ্চভাষা, ভিজ্যুয়াল সিম্বোলিজম ও সমকালীন নাট্যচিন্তা।
নির্দেশক বলেন, “এই নাটক ইতিহাস ও কল্পনার যুগ্ম রসায়ন। দর্শককে ১৭০০ শতকের আবহে, রহস্য ও আবেগের গভীরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
নাটকে অভিনয় করছেন, শুভাশীষ দত্ত তন্ময়, রেখা রানী গুণ, জয়া আহমেদ, দীপু মাহমুদ, শান্তনু সাহা, হামিদুর রহমান পাপ্পু, আশীষ চক্রবর্তী, সুধাংশু নাথ, আলমগীর হোসেন, মীরা, পার্থ দেবনাথ, ফাহিম, মুরাদ, মো. আনিস, তানিয়া, নয়ন ও রায়হানসহ আরও অনেকে।
নাটকের মঞ্চ পরিকল্পনায় আছে ফজলে রাব্বি সুকর্ণ, আলোক পরিকল্পনা করবেন পলাশ হেনড্রী সেন; আর পোশাক পরিকল্পনার দায়িত্বে থাকছেন আইরিন পারভীন লোপা এবং সংগীত পরিচালনায় হামিদুর রহমান পাপ্পু।
