১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চঞ্চলের আঁকায় সৃজিত যেমন

চঞ্চলের আঁকা সেই ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, “ধন্যবাদ চঞ্চল ভাই।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

কোনো রঙয়ের ব্যবহার না করে, একটুকরো কাগজে কেবল কালো কালির কলমের আঁচড়ে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী ফুটিয়ে তুলেছেন কলকাতার চলচ্চিত্রকার সৃজিত মুখার্জিকে। সেই ছবি সোশাল মিডিয়ায় সবার সামনে আনলেন সৃজিত।

সংবাদ প্রতিদিন লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক ছাত্র অভিনেতা চঞ্চলের আঁকা সেই ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, “ধন্যবাদ চঞ্চল ভাই।”

সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। গতবছর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সেই সিনেমার প্রিমিয়ার হয়ে গেছে।

‘পদাতিক’ নিয়ে এক সাক্ষাৎকারে এর আগে চঞ্চল জানিয়েছিলেন, “মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা, আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবুও দুঃসাহস নিয়ে, কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা। তার উপর সৃজিত মুখোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করা। তার যতগুলো কাজ দেখেছি। তা দেখে সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।” 

চঞ্চলের কথায়, “মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা। ভাল-মন্দ এটা পরের বিষয়।” 

আর চঞ্চল কেন মৃণাল রূপে? এর উত্তরে সৃজিত বলেন, “ প্রথমত দু’জনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও তার রাজনীতি চেতনা,যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল পাওয়া যায়। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’’

এবার সেই পরিচালকের ছবিই নিজে হাতে এঁকে বাংলাদেশ থেকে পাঠালেন চঞ্চল চৌধুরী।