গুলশানের স্পর্ধা অ্যাটেলিয়ারে চার নাটকের প্রদর্শনী
কোর্সের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থী আলাদা করে একটি নাটক বেছে নিয়ে, নিজের ভাবনায় নির্দেশনা দিয়েছেন।
স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টস মঞ্চে আনতে যাচ্ছে চারটি নাট্যপ্রযোজনা।
এর মধ্য দিয়ে চারজন নবীন থিয়েটার পরিচালকের নাট্য-নির্দেশনায় অভিষেক হতে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে স্পর্ধা অ্যাটেলিয়ারে এই চার নাটকের প্রদর্শনী হবে।
এর মধ্যে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে 'কাঁটায় কাঁটায়' এবং রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ হবে 'ক্যামেরা কাউকে ভালোবাসে না'। এ দুটি নাটকের নির্দেশক আহমেদ অপু ও ফারিহা জান্নাত মিম।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে 'শব্দ, শব্দ, শব্দ' এবং 'চাকরিপ্রার্থী'। এ দুটি নাটকের নির্দেশক অনিরুদ্ধ অনু ও শাহানাজ পারভীন জোনাকি।
এই আয়োজনটি স্পর্ধা একাডেমির ছয় ধাপের নির্দেশনা কোর্সের শেষ অংশ। কোর্সটি পরিচালনা করেছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।
কোর্সের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থী আলাদা করে একটি নাটক বেছে নিয়ে, নিজের ভাবনায় নির্দেশনা দিয়েছেন।
এই আয়োজনে নতুন প্রজন্মের পরিচালকদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজ দেখার সুযোগ থাকবে বলে মনে করছে স্পর্ধা।
