২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটফ্লিক্সের বিরুদ্ধে ৪৭ কোটি রুপি প্রতারণার অভিযোগ বাসুর

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স 'হিরো নাম্বার ওয়ান’, ‘মিশন রানিগঞ্জ’ এবং ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার স্বত্ব নিয়ে প্রতারণা করেছে।

নেটফ্লিক্সের বিরুদ্ধে ৪৭ কোটি রুপি প্রতারণার অভিযোগ বাসুর
প্রযোজক বাসু ভাগনানি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে ৪৭ কোটি রুপি জালিয়াতির অভিযোগ তুলেছেন হিন্দি সিনেমার নামি প্রযোজক বাসু ভাগনানি। 

প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্টের প্রধান বাসু দাবি করেছেন, নেটফ্লিক্স তার সিনেমার পাওনা টাকা পরিশোধ করেনি। 

তবে প্ল্যাটফর্মটি প্রযোজকের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। 

হিন্দুস্থান টাইমস লিখেছে, ইকোনমিক টাইমসের প্রতিবেদনে প্রযোজক বাসু দাবি করেছেন- নেটফ্লিক্স তার তিনটি চলচ্চিত্র ‘হিরো নাম্বার ওয়ান’, ‘মিশন রানিগঞ্জ’ এবং ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার স্বত্ব নিয়ে প্রতারণা করেছে। তিনি লস গ্যাটোস প্রোডাকশন সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 

লস গ্যাটোস প্রোডাকশনের মাধ্যমে ভারতে ব্যবসা করে নেটফ্লিক্স। 

হিন্দুস্তান টাইমস বলেছে, প্রযোজক বাসুর অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্ত বিভাগ এরই মধ্যে খোঁজ-খবর নেওয়া শুরু করেছে।

তবে ভাগনানির এই দাবি প্রত্যাখ্যান করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে পূজা এন্টারটেইনমেন্ট নেটফ্লিক্সের কাছে অর্থ পাবে। 

“ভারতের সৃজনধর্মী সংস্থাগুলোর সঙ্গে আমাদের বিশ্বাসযোগ্য যোগাযোগ রয়েছে। এই বিরোধ মেটানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”  

সম্প্রতি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার পরিচালক আলী আব্বাস জাফরের নামেও প্রায় ৯ কোটি রুপি প্রতারণার অভিযোগ এনেছেন বাসু ভাগনানি। শুটিংয়ে আবুধাবি কর্তৃপক্ষের দেওয়া ভর্তুকির অর্থ নাকি আত্মসাৎ করেছেন পরিচালক। এই ঘটনায় কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন প্রযোজক ভাগনানি।