Published : 22 Mar 2026, 12:51 PM
প্রতিবছরের মত এবারের রোজার ঈদেও টেলিভিশন স্টেশনগুলো প্রচার করছে একগুচ্ছ নতুন নাটক। এসব নাটকের বেশিরভাগই এক পর্বের। তবে সাত পর্বের কিছু নাটকও প্রচার হচ্ছে।
এনটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, বাংলাভিশন, আরটিভি, মাছরাঙা, বেশ কিছু একক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন।
অভিনেতা মোশাররফ করিম, আফজাল হোসেন, ডলি জহুর, জিয়াউল ফারুক অপূর্ব, জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টিসহ আরও অনেককে পাওয়া যাবে ঈদের একাধিক নাটকে।
এটিএন বাংলায় ‘দ্বিতীয় বিয়ে’সহ আরও যা যা
রোজার ঈদে এটিএন বাংলার পর্দায় রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘দ্বিতীয় বিয়ে’; নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
মুল দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।
নাটক ‘আমার সুন্দরী শালীরা’ প্রচার হবে রাত ৮টা ৫০ মিনিটে; এখানে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান।
এই টেলিভিশন স্টেশনে রাত ১১টায় প্রচার হবে নাটক ‘ভাইজান’; পরিচালনা করেছেন প্রীতি দত্ত। আর অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সামান্ত পারভেজসহ আরও অনেকে।

চ্যানেল আইয়ে আফজাল হোসেনের নাটক
দুপুর আড়াইটায় ‘মায়াপাখি’ নাটকটি প্রচার করবে চ্যানেল আই। জাকারিয়া সৌখিনের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছে জিয়াউল ফারুক অপূর্ব ও নেহা।
তারিক মোহাম্মদ হাসান পরিচালনা করেছে ‘লাল মোরগের ঝোল’, নাটকটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। এই নাটকেও মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটি বেঁধেছেন।
‘সরি বলবো না’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিট; রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। আর মূল দুই চরিত্রে আসছেন অভিনয় নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি।
রোববার থেকে শুরু করে পরবর্তী আটদিন প্রচার হবে ‘কঙ্গ থেকে বঙ্গ’; নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা। অভিনয় ছাড়াও নাটকটি পরিচালনাও করেছেন আফজাল হোসেন।
এনটিভিতে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি
আল আমিন স্বপনের পরিচালনায় এনটিভির পর্দায় রাত ৮টায় আসবে ‘গরীবের সুন্দরী বউ’। পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। মোশাররফ করিম, তানিয়া বৃষ্টিসহ আরও কয়েকজন এই নাটকে অভিনয় করেছেন।
‘কত যে আপন’ প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মিফতা আনান। অভিনয় করেছেন মুশফিক ফারহান, অর্চিতা স্পর্শিয়াসহ কয়েকজন।
রাত ১১টা ৫ মিনিটে প্রচারে আসছে ‘ছিটকিনি’; আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান।
‘কুলীন সমাচার’ প্রচার হচ্ছে ঈদের দিন থেকে, চলবে আরও ছয়দিন। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দীন লাভলু। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার ও মিলি বাশার। বেলা দেড়টায় প্রচার হচ্ছে এই নাটকটি।
রোববার থেকে পরবর্তী সাত দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ‘পা পিছলে আলুর দম’। নাটকটি লিখেছেন মনসুর রহমান চঞ্চল, পরিচালনা করেছেন রাকেশ বসু। অভিনয় মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর।

বাংলাভিশনে এক রাশ নাটক
দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘জামাই বউ ভ্লগার’; নাটকটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। এতে মূল দুই চরিত্রে আসছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি ।
‘জামাই বউ আসামি’ প্রচার হবে এদিন রাত ৯টা ২৫ মিনিটে; পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক, অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।
মিতুল খানের পরিচালনায় ‘কঞ্জুস কাপল ২’ নাটকে অভিনয় করেছেন আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি; প্রচার হবে রাত ১০টা ৪৫ মিনিটে।
ঈদের দিন থেকে প্রচারে এসেছে ‘ঝানু চোর চানু’, আরও ছয় দিন প্রচার হবে নাটকটি। তুরস্কের এই জনপ্রিয় সিরিয়ালটি বাংলা ভাষায় রূপান্তর করে বিকেল সাড়ে ৪টায় প্রচার হচ্ছে।
ঈদের দিন থেকে পরের সাত দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে নাটক
‘কাজের মেয়ে অরিন’। মিতুল খানের পরিচালনায় এই নাটকে অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চিত্রলেখা গুহ, জুনায়েদ বাগদাদি।
ঈদের দিন থেকে পরের সাত দিন প্রচার হবে আরও একটি নাটক ‘অডিও ফাঁস’, পরিচালনা করেছেন মাসুদ সেজান। আর অভিনয় করেছেন এজাজুল ইসলাম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন।
আরটিভিতেও মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি
মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি জুটি বেঁধেছেন ‘জামাই বউ ট্রেনিং সেন্টার’ শিরোনামের আরও একটি নাটকে। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। মহসিন আকাশ নাটকটি পরিচালনা করেছেন।
রাত সাড়ে ৯টায় আসছে ‘দেখা হবে বন্ধু’। পরিচালনা করেছেন সহিদ উন নবী। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আইশা খান ।
‘মুশকিল আসান’ প্রচারে এসেছে ঈদের দিন, দেখা যাবে আরও ছয় দিন। সন্ধ্যা ৭টায় প্রচার হতে চলা নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে অভিনয় শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম।

চঞ্চল চৌধুরীর নাটক কেবল মাছরাঙায়
রাত ৮টায় প্রচার হবে ‘লেলিন’; এই নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির ।
তৌসিফ মাহবুব, তানজিন তিশার নাটক ‘গোলাপী’ প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে।
ঈদের দিন থেকে প্রচার হচ্ছে ‘মেইন কাস্টিং’, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চলবে আরও ছয় দিন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
‘ভ্যাজাল জামাই’ নাটকের প্রথম পর্ব প্রচার হয়েছে রাত ৯টা ১০ মিনিটে ঈদের দিন; একই সময়ে প্রচার হবে নাটকটির আরও ছয় পর্ব। মূল চরিত্রে কাজ করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।
বৈশাখীতে ডলি জহুর
রাত ৮টা ১০ মিনিটে প্রচারে আসছে চলেছে ‘ডাবল চক্কর’; রচনা করেছেন মশিউর রহমান, পরিচালনায় ছিলেন সোহেল রানা ইমন। আর অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামান্তা পারভেজসহ কয়েকজন।
‘পদ্মর ইরা’ প্রচার হবে রাত ৯টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। আর অভিনয় করেছেন খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান ।
সাত পর্বের ‘সাদা মনের মানুষ’ নাটকের প্রথম পর্ব প্রচার হয়েছে ঈদের দিন, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। নাটকটি রচনা করেছেন হিরন জামান এবং পরিচালনা আলমগীর খন্দকার দুলাল। অভিনয়ে আছেন ডলি জহুর, রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবিসহ আরও কয়েকজন।