গানে গানে সংগীত শিক্ষকের পদ ফেরানোর আহ্বান জানাবে ছায়ানট
শনিবার বিকাল সাড়ে ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীতশিক্ষা ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এক বিজ্ঞপ্তিতে বলেছেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতে শনিবার বিকাল সাড়ে ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে সংগীত পরিবেশন করবেন শিল্পী-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত শিক্ষক পদ ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাতিল করা হয়েছে নতুন সৃষ্টি করা শরীরচর্চা শিক্ষকের পদটিও।
এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি 'সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫' এ কিছু 'শব্দগত পরিবর্তন' আনা হয়েছে।
এসব সিদ্ধান্তের ব্যাখ্যায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রকল্পটির ‘পরিকল্পনায় ত্রুটি ও বৈষম্য’ রয়েছে।
কিন্তু সরকারের এই সিদ্ধান্ত ও যুক্তি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন। ছায়ানটও সরকারের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।
শুক্রবার ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "উদার ও সহিষ্ণু সমাজ গড়ার জন্য সংগীতশিক্ষা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই।"
