১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আত্মবিশ্বাস হারিয়েছিলাম, নিজেকে ভালো লাগত না: ইন্দ্রাণী হালদার

কেবল কোমরের চোট নয়, লিগামেন্ট ছিঁড়েও ভুগতে হয় ইন্দ্রাণীকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 11:12 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ সিনেমার লড়াকু চরিত্র শ্রবণা সরকার অথবা ‘গোয়েন্দা গিন্নি’ ও ‘শ্রীময়ী’, কলকাতার বাংলা সিনেমা-সিরিয়ালের দর্শকের কাছে নানা ধরনের চরিত্রে কাজ করা এক জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। যিনি পর্দায় নেই কয়েক বছর ধরে। 

পাঁচ বছর আগে কলকাতার বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলার ‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে যেন ‘হাওয়া’ হয়ে যান ইন্দ্রানী। মাঝে অসুস্থতার জন্য সে সময় ওজন বেড়ে যাওয়ায় হয়েছিলেন ‘কটাক্ষের শিকার’। 

দীর্ঘ সময় পর নিজেকে পুরনো ছন্দে ফেরালেন অভিনেত্রী। 

আড়াল প্রয়োজন হয়েছিল কেন প্রশ্নে আনন্দবাজারকে তিনি বলেন, পড়ে গিয়ে কোমরে তিনি চোট পেয়েছিলেন। তাই ‘ঘরে ঘরে জ়ি বাংলা’ অনুষ্ঠান থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। কোমরের এই চোটের জন্যই পুরোপুরি গৃহবন্দি হয়ে পড়েন। প্রতিদিনের জিম, ব্যায়াম সব বন্ধ হয়ে যায় চিকিৎসকের পরামর্শে।

ইন্দ্রাণী বলেন, “কোমরে চোট সারাতে স্টেরয়েড ওষুধ খেতে হয়েছিল। আর নিয়মিত শারীরচর্চা করা যাদের অভ্যাস, সেটা বন্ধ হলে ডায়েট করেও কোনও লাভ হয় না।” 

তবে কেবল কোমরের চোট নয়, লিগামেন্ট ছিঁড়েও ভুগতে হয়েছিল ইন্দ্রাণীকে। তত দিনে ওজন আরও বেড়ে যায়। প্রায় দুইবছর শরীরচর্চা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। 

ইন্দ্রাণী বলেন, তার ওজন বেড়ে প্রায় ৭৫ কেজি হয়ে গিয়েছিল। মাঝে চেষ্টা করেছিলেন জিমে যাওয়ার। কিন্তু তাতেও কষ্ট হত।

এখন পুরোদমে পুরনো ছন্দে ফিরছেন অভিনেত্রী। 

ইন্দ্রাণী বলেন “মাঝে অল্পস্বল্প জিমে গিয়েছিলাম বলে দু-চার কেজি ওজন কমেছিল। কিন্তু বুঝেছিলাম, তাতে হবে না। কারণ তত দিনে প্রায় ২০ কেজি ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমি চিকিৎসকের কাছে গিয়ে সঠিক ডায়েটের পরামর্শ নিই। কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিনযুক্ত খাবার দিয়ে আমার ডায়েট চার্ট করে দিয়েছিলেন তিনি।”

মাত্র কয়েক মাসে২২ কেজি ওজন ঝরিয়েছেন বলে জানিয়েছেন ইন্দ্রাণী। 

এই কয়েক বছরে চেহারার পরিবর্তন নিয়েও নানা ধরনের কথা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “মানুষ তো অপমান করতে ছাড়েন না। আমাকে নেতিবাচক মন্তব্যও সহ্য করতে হয়েছে। পূজার উদ্বোধন করতে গিয়ে খারাপ মন্তব্য শুনতে হয়েছে। মোটা হয়ে গিয়েছিলাম বলে আমার জামাকাপড়ও পরিবর্তন করতে হয়েছে। আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলাম। নিজেকে দেখতে ভালো লাগত না।”

ওই সময়েও কাজের সুযোগ হাতে আসলেও চেহারার পরিবর্তন হওয়ায় সেগুলো ফিরিয়ে দেন বলে ভাষ্য ইন্দ্রানীর। 

অভিনেত্রী বলেছেন, কোনো রিয়েলিটি শো উপস্থাপনা, ভালো সিনেমা বা সিরিজে অভিনয় করার জন্য তিনি প্রস্তুত আছেন।