২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ না করতে উকিল নোটিস

নোটিসদাতা আইনজীবী দাবি করেছেন, খালেদা জিয়া ও পরিবারের অনুমতি ছাড়াই এ সিনেমা নির্মাণ করা হচ্ছে।

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ না করতে উকিল নোটিস
খালেদা জিয়া

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 08:07 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে সিনেমা নির্মাণ থেকে বিরত থাকার জন্য পরিচালক এম কে জামানকে উকিল নোটিস পাঠিয়েছেন একজন আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বুধবার ওই নোটিস পাঠিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন খালেদা জিয়া ও পরিবারের অনুমতি ছাড়াই এ সিনেমা নির্মাণ করা হচ্ছে।  

কায়সার কামাল বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব।

তিনি বলছেন, জিয়া পরিবারের কেউ এ সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়ে কিছু জানেন না, কাউকে না জানিয়ে এমন সিনেমা করা উচিত নয়। তাই এটা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রশ্ন করলে পরিচালক এমকে জামান গ্লিটজকে বলেন, তিনি এখনো কোনো নোটিন পাননি। 

“লিগ্যাল নোটিস তো ডিরেক্টর হিসেবে আমাকে পাঠানোর কথা না, এটা পাঠাবে প্রযোজককে। আমি তো একজন পরিচালক হিসেবে সিনেমাটি তৈরি করার জন্য পরিচালক সমিতিতে আবেদন করেছি। আমার এই প্রজেক্ট এসেছে প্রযোজকের মাধ্যমে। প্রযোজকরা যখন একটা সিনেমার কাজে হাত দেয়, তখন পারিপার্শ্বিক সবকিছু বিবেচনায় রেখে কিন্তু সিনেমার ঘোষণা দেয়। 

“হয়তো একপক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। আরেক পক্ষ জানে না। আমাকে বলা হয়েছে অনুমতি নেওয়া হয়েছে। সেই হিসেবে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ করছি।" 

সিনেমাটির প্রযোজক ইব্রাহিম খলিল গ্লিটজকে বলেন, “আমরা নোটিসটা পেয়েছি। যেভাবে নোটিস পাঠানো হয়েছে, সেভাবে এটার জবাব দেওয়া হবে। তাছাড়া সিনেমাটি করার বিষয়ে দলের সঙ্গে আমাদের আলোচনা করা হচ্ছে। যদি দল থেকে সিনেমাটা করার অনুমতি দেয়, তাহলে হবে। আর যদি দল না চায়, তাহলে বন্ধ করে দেওয়া হবে।” 

পুরনো খবর

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা হচ্ছে