‘এটা কেবল ৭০ মিনিটের নয়, জীবনের ব্যাপার’, শাহরুখের যে পোস্ট আলোচনায়
বছরজুড়ে শাহরুখ মূলত আলোচনায় থেকেছেন ‘কিং’ সিনেমা ঘিরে।
শাহরুখ খানের পোস্ট মানেই ভক্তদের কাছে আলাদা উন্মাদনা এবং আলোচনার বিষয়। হিন্দি সিনেমার এই অভিনেতার পোস্ট বা নতুন ছবি, ভিডিও ছড়িয়ে পড়তেও সময় লাগে না।
শাহরুখের শেষ পোস্ট ঘিরে আলোচনা চলছে বলে লিখেছে সংবাদমাধ্যম ‘এই সময়’।
পোস্টটি শাহরুখ করেছেন তার এক্স অ্যাকাউন্টে। যেখানে শাহরুখ মুম্বাই পুলিশের একটি পোস্ট পুনরায় পোস্টও করেছেন।
পোস্টটি শেয়ার করে কিং খান ক্যাপশনে লিখেছেন, “এটা কোনও ৭০ মিনিটের ব্যাপার নয়। এটা একটা জীবনের ব্যাপার। এবং মুম্বাই পুলিশ আমাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।”
মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখেছেন, “আপনাদের নিঃস্বার্থ সেবা এবং সোশাল মিডিয়ায় দুর্দান্ত ১০ বছর কাটানোর জন্য আন্তরিক অভিনন্দন।”
মুম্বাই পুলিশ তাদের পোস্টে নারীদের অধিকার সম্পর্কে সতর্ক করে একটি সচেতনামূলক পোস্ট করেছিল।
শেষ হয়ে যাওয়া বছরে শাহরুখের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কিন্ত বছরজুড়ে শাহরুখ কোনো না কোনো বিষয়ে আলোচনায় থেকেছেন। তাকে নিয়ে আলোচনার মূল বিষয় ‘কিং’ সিনেমা। যে সিনেমার প্রস্তুতি চলছে ২০২৪ সাল থেকে। সেখানে শাহরুখ পর্দায় আসবেন তার কন্যা সুহানা খানকে সঙ্গে নিয়ে নিয়ে।
এছাড়া ৩৩ বছরের ক্যারিয়ারে একটি অপূর্ণতা পূর্ণ হয়েছে নায়কের। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাহরুখ পান ফেলে আসা বছরে।
শাহরুখের কথায়, এই জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটি তাকে মনে করিয়ে দেয় যে তিনি যা করেন, সেটা গুরুত্বপূর্ণ।
শাহরুখের শেষ তিনটি সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি মুক্তি পায় ২০২৩ সালে। বলা হয় কোভিড মহামারীর পর ডুবি ডুবি বলিউডকে ফের মাথা উঁচু করে দাঁড় করায় শাহরুখ ‘পাঠান’ সিনেমা দিয়ে।
এর পর থেকে এই নায়কের নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।
