২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যকলা ও আবৃত্তি প্রশিক্ষকদের নিয়ে শিল্পকলায় কর্মশালা

মঙ্গলবার ‘অভিনয় তত্ত্ব:(স্তানিসলাভস্কি ব্রেখট, মায়ার হোল্ড গ্রোটক্সি)’, ‘নৃত্যকলা ও চিত্রকলা’, ‘বাংলা নাট্য ধারা: (স্বাধীনতা পূর্ব ও পরবর্তী)’, ‘বাংলা লোকনাট্য অভিনয় পদ্ধতি’, ‘নন্দনতত্ত্ব’ এবং ‘কবিতা আবৃত্তি ও পাঠ অভিনয়’ বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

নাট্যকলা ও আবৃত্তি প্রশিক্ষকদের নিয়ে শিল্পকলায় কর্মশালা

নাট্যকলা ও আবৃত্তি প্রশিক্ষকদের নিয়ে শিল্পকলা একাডেমির কর্মশালায় প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 02:33 PM

Updated : 30 Aug 2022, 02:33 PM

উচ্চারণ, বাচনরীতি, অভিনয়ের মানোন্নয়নে সারাদেশের নাট্যকলা ও আবৃত্তি প্রশিক্ষকদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার শুরু হওয়া তিন দিনের এই কর্মশালায় অংশ নিচ্ছেন দেশের ৬৪ জেলার ৬৬জন প্রশিক্ষক।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রশিক্ষণ চলছে।

শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৪ জেলায় বিষয়ভিত্তিক এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি জেলায় রয়েছেন বিষয়ভিত্তিক প্রশিক্ষক। প্রশিক্ষকদের মানোন্নয়নের লক্ষ্যে ২৯-৩১ আগস্ট ২০২২ একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ দিচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ভাস্বর বন্দোপাধ্যায়, অধ্যাপক আবদুস সেলিম, শর্মিলা বন্দোপাধ্যায়, রশিদ হারুন, ইউসুফ হাসান অর্ক, কামাল উদ্দিন কবির, শিল্পী মঈনুদ্দিন খালেদ, মীর বরকত, গোলাম সারোয়ার, আইরিন পারভীন লোপা, সেলিম মোজহার, কমল খালিদ, জুনায়েদ ইউসুফ ও লিয়াকত আলী লাকী।

কর্মশালায় প্রথম দিন নাট্যকলা, উচ্চারণ ও বাচনরীতি, বিশ্ব নাট্যধারা (গ্রিক থেকে আধুনিক) এবং বাচিক অভিনয় ও নাট্যশাস্ত্রের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া মোহনা মিমের পরিবেশনায় ‘নবরস উপস্থাপনা’ এবং খন্দকার তাজমী নূরের পরিবেশনায় ‘রাজা হিমাদ্রী’ নাটকের অংশ বিশেষ উপস্থাপন করা হয় এদিন।

দ্বিতীয় দিন মঙ্গলবার ‘অভিনয় তত্ত্ব:(স্তানিসলাভস্কি ব্রেখট, মায়ার হোল্ড গ্রোটক্সি)’, ‘নৃত্যকলা ও চিত্রকলা’, ‘বাংলা নাট্য ধারা: (স্বাধীনতা পূর্ব ও পরবর্তী)’, ‘বাংলা লোকনাট্য অভিনয় পদ্ধতি’, ‘নন্দনতত্ত্ব’ এবং ‘কবিতা আবৃত্তি ও পাঠ অভিনয়’ বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া কথক, ভরতনাট্যম, মণিপুরি, ওডিসি ও গৌড়ীয় নৃত্যও পরিবেশনা হবে।

সায়িক সিদ্দিকীর লোক নাট্য এবং একাডেমির জাতীয় নাট্যশালায় নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’ মঞ্চায়নের কথা রয়েছে। নাটকটি প্রযোজনা করেছে লোক নাট্যদল।

সমাপনী দিন বুধবার অংশগ্রহণকারীরা ‘তাল, লয়, ছন্দ এবং বাদ্যযন্ত্র আবহ সংগীত’, ‘আলো পরিকল্পনা, মঞ্চ পরিকল্পনা ও প্রপস্ পরিকল্পনা’, ‘পান্ডুলিপি বিশ্লেষন, নাটক: রথযাত্রা’, ‘পোশাক ও রুপসজ্জা পরিকল্পনা’ এবং ‘পর্যবেক্ষণ, গেমস্ ও বিজনেস’ বিষয়ক জানবেন।

মিলন কান্তি দে’র ‘যাত্রাভিনয়’ দেখানর কথাও রয়েছে। এছাড়া প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্রও তুলে দেওয়ার কথা জানিয়েছে শিল্পকলা একাডেমি।