১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছোট পর্দায় মেহজাবীনের বোন মালাইকা

‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

ছোট পর্দায় মেহজাবীনের বোন মালাইকা
মালাইকা চৌধুরী ও ফারহান আহমেদ জোভান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 03:36 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

ছোট পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীর। 

‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

‘সন্ধিক্ষণ’ নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এক বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়েছে।

নাটকটি নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, "মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায় এসেছে আগে।“

মালাইকার মধ্যে ‘প্রতিভা’ আছে বলে মন্তব্য রাজের। 

তিনি বলেন, “শুটিংয়ে তাকে পরিশ্রমী মনে হচ্ছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।"

মালাইকা এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। বিজ্ঞাপনের পর নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা। 

তিনি বলেন, "শুটিং করে ভালো লাগছে। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন। কিছুটা নার্ভাস তো আছেই , তবে দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানায় সেই অপেক্ষায় আছি।"

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকটির শুটিং। চলতি বছরেই ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় মুক্তি পাবে নাটকটি।