১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধুমিতায় চলচ্চিত্র উৎসব: শুরু ‘মুখ ও মুখোশ’ দিয়ে

উৎসব চলবে ২৮ অগাস্ট পর্যন্ত।

মধুমিতায় চলচ্চিত্র উৎসব: শুরু ‘মুখ ও মুখোশ’ দিয়ে
মধুমিতা সিনেমা হলে চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১৩টি সিনেমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 04:43 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

বাংলা চলচ্চিত্রের কালজয়ী ১৩টি সিনেমা নিয়ে মতিঝিলের মধুমিতা সিনেমা হলে শুরু হয়েছে সাতদিনের চলচ্চিত্র উৎসব। 

ঢাকা শহরের ৪১৬ বছর উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করেছে  দক্ষিণ সিটি করপোরেশন। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই সিনেমা উৎসবের।    

শনিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় দেখানো হয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।

উৎসবের দ্বিতীয় দিন রোববার বিকেল ৩টায় দেখানো হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’। 

সোমবার বিকেল ৩টায় থাকছে জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’। একই দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘নান্টু ঘটক’।

চতুর্থ দিন ২৫ অগাস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ দেখানো হবে।   

পঞ্চম দিনে বিকেল ৩টায় দর্শকরা দেখতে পারবেন ‘সবুজ সাথী’, আর সন্ধ্যা ৬টায় থাকছে ‘নাচের পুতুল’। 

ষষ্ঠ দিন বিকেল ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘দহন’।  

আগামী ২৮ আগস্ট উৎসবের শেষ দিন বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় দেখা যাবে ‘বধূ বিদায়’ সিনেমা। 

উৎসবে সিনেমাগুলো দেখা যাবে বিনামূল্যে।  

চলচ্চিত্র উৎসব নিয়ে মধুমিতা হলের কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ গ্লিটজকে বলেন, "আমাদের তো নতুন সিনেমা নেই, হল বন্ধ থাকে। সেদিক থেকে এই উৎসব ঘিরে হল সচল হলো, এটা ভালো লাগার।  এই সিনেমাগুলো তো আগের, কালজয়ী সিনেমা। যারা এসব সিনেমা দেখে বড় হয়েছে তাদের জন্য এটা একটা আবেগের জায়গা হতে পারে, তাছাড়া এখনকার সময়ের দর্শক কেমন হচ্ছে সন্ধ্যার শো না গেলে বুঝা মুশকিল।   

"উদ্ধোধনী উৎসবে মন্ত্রীদের কাছে আমাদের আহ্বান ছিল চলচ্চিত্রে সুদিন ফিরিয়ে নিয়ে আসার। নতুন সিনেমা নির্মাণ না হলে সিনেমা হল টিকিয়ে রাখা যাচ্ছে না। দুই ঈদ ছাড়া আমাদের সিনেমা নেই, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে চলচ্চিত্রের এই দুর্দিন কাটিয়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলেছি আমরা।" 

শনিবার এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সংসদ সদস্য হামিদুর রহমানসহ অনেকে। 

এদিন চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, গীতিকার, চিত্রগ্রাহকসহ ৫৮ জন শিল্পী ও কুশলীকে সম্মাননা দেওয়া হয়েছে।