Published : 26 Nov 2025, 11:50 PM
সপ্তাহের শেষ দিন ক্লান্তি কাটাতে আড্ডা-গল্পে মেতে উঠতে পছন্দ করেন অনেকে, তবে সেই রাত কখনো অভিশপ্ত রাতেও পরিণত হতে পারে কারো কারো জীবনে। তেমনই এক রাতের গল্পে তৈরি হয়েছে ফিকশন ‘থার্সডে নাইট’।
জাহিদ প্রীতমের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে ফিকশনটি।
সোমবার প্রকাশ্যে এসেছে ‘থার্সডে নাইটের’ ট্রেইলার। যেখানে দেখা গেছে, কয়েকজন বন্ধু মিলে একটি পানশালায় আড্ডা, খানাপিনা, হইচইয়ে দারুণ সময় কাটায়। কিন্তু একটি ঘটনায় সেই রাতটি হয়ে উঠে অস্বস্তিকর। ঘটে যায় এক অপরাধমূলক কাজ। তবে সেই সময়ের স্মৃতি কেউ মনে করতে পারে না। ভুলে যাওয়া সময়টুকুই রহস্যের কেন্দ্র। পুলিশও সেই হারিয়ে যাওয়া সময় খুঁজে বের করার চেষ্টা করে। কী ঘটেছিল ওই সময়ে? এবং কে সত্য বলছে ও কাকে বিশ্বাস করা যায় এ প্রশ্নগুলো নিয়েই এগিয়ে যায় গল্প।

ফিকশনের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সদ্য 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় অংশ নেওয়া তানজিয়া জামান মিথিলা। মিথিলাকে ঘিরেই ঘটনার শুরু। এক রাতে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে তৈরি হয় সন্দেহ, ভুল-বোঝাবুঝি, শুরু হয় তদন্ত।
‘থার্সডে নাইটের’ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল, নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান, সাদিদ আদনান ও রেহনুমা ঐশী।
ফিকশনটি নিয়ে নির্মাতা জাহিদ প্রীতম গ্লিটজকে বলেন, “৪৫ মিনিটের একটা গল্প। যা বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি করেছি। অনেকদিন পর একটি সাসপেন্স থ্রিলার নিয়ে কাজ করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই গল্পটা বেছে নেওয়া। যেটা আমাদের চারপাশে অহরহ ঘটে যাচ্ছে এবং আমার গল্পের বিচারক দর্শক। এক ঘটনায় কে ঠিক, কে ভুল, এটা প্রমাণ করার চেষ্টা করিনি। বরং ঘটনা নিয়ে প্রত্যেকের ধারণা যে আলাদা, সেটা তুলে ধরেছি।”
অনুসন্ধানধর্মী এই থ্রিলারের গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন প্রীতম নিজেই।

অভিনয়শিল্পী নিয়ে প্রীতম বলেন, “এই গল্পটার লেখার পরই মিথিলার কথা মাথায় আসে। উনার মধ্যে অন্যরকম এক প্রতিভা আছে। গ্ল্যামারাস চরিত্রগুলো তার সঙ্গে যায়। আর আমি সবসময় নতুন অভিনয়শিল্পী নিয়ে কাজ করতে পছন্দ করি। সৌম্য জ্যোতি, দারুণ অভিনয় করেছে। এটার শুটিং চলতি বছরের শুরুতে। সৌম্যর উৎসব সিনেমার আগে। এছাড়াও সামিরা খান মাহিকে দর্শক নতুনভাবে দেখবে। ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলও বেশ ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে ফিকশনটি নিয়ে আমি বেশ আশাবাদী।"
এই ফিকশনে গল্প বলার ধরনটাকে ‘রশোমন ইফেক্টের’ ধারায় দেখিয়েছেন নির্মাতা। অর্থাৎ একই ঘটনার ভিন্ন ভিন্ন বয়ান।
প্রীতমের ভাষ্য, একটি ঘটনায় মানুষ কীভাবে নিজের সুবিধামত স্মৃতি বা ব্যাখ্যা তৈরি করে, সে মনস্তত্ত্বই তাকে সবচেয়ে বেশি টেনেছে।

পুলিশের চরিত্রে আছেন সামিরা মাহি। এই অভিনেত্রী বলেন, “আমি পুলিশের চরিত্রে প্রথমবার অভিনয় করেছি। মিথিলার সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিন। সে আমাকে বলেছিল, কাজটি ভালো হবে। সে জন্যই রাজি হয়ে যাই। শুটিংয়ের সময় আসামি পেটানোর একটা দৃশ্য ছিল সকালে। এরপর শাড়ি পরে বৈশাখ উদযাপন করেছি, অভিজ্ঞতাটা মনে থাকবে।”
সৌম্য জ্যোতি বলেন, "'উৎসব' সিনেমার পর মানুষ আমাকে নিয়ে অন্য কিছু প্রত্যাশা করে। আশা করছি গল্পটা সেই প্রত্যাশা পূরণ করতে পারবে।"
‘থার্সডে নাইট’ যৌথভাবে প্রযোজনা করেছে আলফা-আই ও চরকি।