২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোকের আবহে 'অড সিগনেচারের' স্থগিত কনসার্ট, নতুন তারিখ ঘোষণা

“মাইলস্টোনের দুর্ঘটনা, আর এবার রাতুলের চলে যাওয়ার শোকের ধাক্কা থেকে এখনও আমরা বের হতে পারিনি।”

শোকের আবহে 'অড সিগনেচারের' স্থগিত কনসার্ট, নতুন তারিখ ঘোষণা
'অড সিগনেচার' ব্যান্ডের সদস্যরা। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ‘ওন্ড’ ব্যান্ডের সংগীতশিল্পী এ কে রাতুলের মৃত্যুতে কনসার্ট স্থগিত করেছে ব্যান্ড ‘অড সিগনেচার’। 

‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্টটি হওয়ার কথা ছিল গত শুক্রবার কেআইবি মিলনায়তনে।

তবে চিত্রনায়ক জসিমের ছেলে রাতুলের মৃত্যুতে সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছে দলটি। ওই কনসার্টে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার কথা ছিল রাতুলের।

নতুন করে আয়োজনের জন্য ১৪ অগাস্ট তারিখ ঠিক করেছে ব্যান্ডটি।

কনসার্ট স্থগিতের কারণ জানিয়ে অড সিগনেচারের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ গ্লিটজকে বলেন,

“গত ২৭ জুলাই আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের শোতে সাউন্ডের দায়িত্বে ছিলেন রাতুল ভাই এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না ব্যাপারটা এত দ্রুত মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব।”

তিনি আরও বলেন, মাইলস্টোনের দুর্ঘটনা, আর এবার রাতুলের চলে যাওয়ার শোকের ধাক্কা থেকে এখনও তারা বের হতে পারেননি। 

“তাই আমরা চাই না ফিরে আসার আনন্দটা এতগুলো মৃত্যুর মধ্য দিয়ে হোক। নিজেদের একটু সময় দিচ্ছি গুছিয়ে নিতে, আর তাই ফিরছি ১৪ অগাস্ট।”

গত বছরের মে মাসে সিলেটে এক কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান ‘অড সিগনেচারের’ ভোকাল আহাসান তানভীর পিয়াল। তারপর প্রায় এক বছর সংগীত থেকে দূরে ছিল ‘অড সিগনেচার’।

গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশ করে গানে ফেরে দলটি। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি।

অমিতাভ জানিয়েছেন, বর্তমানে ব্যান্ডের লাইনআপে যে পরিবর্তন এসেছে সেটার ঘোষণা আসবে কনসার্টেই। পাশাপাশি জানাবেন নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার খবরও।

কনসার্টের আয়োজন করেছে প্রাইম ওয়েব কমিউনিকেশন। কনসার্ট শুরু হবে বিকেল ৩টায় এবং সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালে আত্মপ্রকাশের পর ব্যান্ড ‘অড সিগনেচার’ খুব অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয়তা পায়।

শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় কুড়িয়েছে দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ‘ঘুম’, ‘আমার দেহখান’, ‘মন্দ’, ‘দুঃস্বপ্ন’ অন্যতম।

আরও পড়ুন:

অন্ধকার কাটিয়ে মঞ্চে ফিরছে 'অড সিগনেচার', স্মরণে থাকবেন পিয়ালও

'গল্পগুলো অজানা' রেখেই চলে গেলেন পিয়াল