‘গল্পগুলো অজানা’ রেখেই চলে গেলেন পিয়াল
সিলেটে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্যরা।
‘দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা’ গান দিয়েই পেয়েছিলেন জনপ্রিয়তা। কে জানত তার অনেক গল্প এভাবে অজানাই থেকে যাবে; পিয়াল মিশে যাবেন অসীমে।
শনিবার ভোরে যখন আকাশ বৃষ্টি ঝরাচ্ছিল, তখনই খবর আসে ‘অড সিগনেচার’ ভোকাল আহাসান তানভীর পিয়াল নেই। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অসময়ে চলে গেছেন পিয়াল।
সিলেটে একটি অনুষ্ঠানে অংশ নিতে মাইক্রোবাসে করে ব্যান্ডের সদস্যরা রওনা হয়েছিলেন।
https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/accidenti- odd-signature- 110524-02_1715418462.jpg
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. ইলিয়াছ জানান, ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিয়ালদের মাইক্রোবাসটির।
ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোর চালক আব্দুর সালাম ও পিয়াল। আহত হন তিনজন।
ব্যান্ডের একজন সদস্য গ্লিটজকে বলেন, “সিলেটে একটি শো তে অংশ নিতে যাচ্ছিল আমাদের পুরো ব্যান্ড। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পিয়াল মারা যান, আমাদের বাকি সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। এখন হাসপাতালে আমি।”
https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/accidenti- odd-signature- 110524-03_1715418493.jpg
ব্যান্ড অড সিগনেচারের অফসিয়াল ফেইসবুক পেইজ থেকেও দুর্ঘটনার খবর জানিয়ে লেখা হয়েছে, “সিলেট যাওয়ার পথে নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।”
পিয়ালের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। ভক্ত-শ্রোতা থেকে শুরু করে শিল্পীরাও শোকে স্তব্ধ।
ফেইসবুকে ব্যান্ডটির পোস্টে মন্তব্যের ঘরে কুঁড়েঘর ব্যান্ড লিখেছে, “এটা মানা যায় না”।
https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/accidenti- odd-signature- 110524-04_1715418510.jpg
‘শিরোনামহীন’র ভোকাল শেখ ইশতিয়াক লিখেছেন, “কোনোভাবেই মানতে পারছি না!।”
‘অড সিগনেচার’র জনপ্রিয় ‘আমার দেহখান’ গানের ‘দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা’ লাইনগুলো তুলে দিয়ে পিয়ালের জন্য শোক প্রকাশ করছেন অনেক ভক্ত।
২০১৭ সালে আত্মপ্রকাশের পর ব্যান্ড ‘অড সিগনেচার’ খুব অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয়তা পায়।
https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/accidenti- odd-signature- 110524-05_1715418530.jpg
শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ‘ঘুম’, ‘আমার দেহখান’, ‘মন্দ’, ‘দুঃস্বপ্ন’ অন্যতম।
আরও পড়ুন:
